চার রাজ্যে রেললাইন উড়িয়ে দিয়েছে মাওবাদীরা
ভারতের সাতটি রাজ্যে মাওবাদীদের ডাকা ৪৮ ঘণ্টা বনধের দ্বিতীয় দিন আজ। গতকাল সোমবার গভীর রাতে ও আজ সকালে তারা ওড়িষা, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিস্ফোরক ব্যবহার করে রেললাইন উড়িয়ে দেয়। তবে এসব ঘটনায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।ওড়িষার রাউরকেল্লার কাছে বিরসা-বঙ্গমুন্ডা স্টেশনের মাঝামাঝি জায়গায় আজ সকালে মাওবাদীরা রেললাইনে পরপর বিস্ফোরণ ঘটায়। এতে ওই পথে আসা একটি মালগাড়ির পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই লাইনেও ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।মাওবাদীরা বিহারের গয়ার কাছে বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন উড়িয়ে ফেলে। ফলে ওই পথে আসা ভুবনেশ্বর-দিল্লি রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন ও আটটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে মাওবাদীদের পোস্টার উদ্ধার করেছেন।গয়ার পুলিশ সুপার সুশীল খোপদে বলেছেন, বিস্ফোরণে ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হলেও কোনো প্রাণহানি বা কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ওই বিস্ফোরণে আপ ও ডাউন লাইন ক্ষতিগ্রস্ত হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আটকে গেছে ওই পথের দূরপাল্লার অনেক ট্রেন।এ ছাড়া মাওবাদীরা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ভালুককোনিয়া ও ঝাড়গ্রামের ছয় কিলোমিটার দূরে গিডনি ঘাটকুরা স্টেশন এবং ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার কোকপাড়া-ডালভূমগড়ি রেললাইনেও বিস্ফোরণ ঘটায়। ফলে এসব পথেও ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে এবং বহু দূরপাল্লার ট্রেন আটকে আছে। উল্লেখ্য, যৌথ বাহিনীর অত্যাচার এবং সরকারঘোষিত অপারেশন গ্রিন হান্টের প্রতিবাদে ভারতের সাতটি রাজ্যে এই বনধ আহ্বান করেছে মাওবাদীরা। রাজ্য সাতটি হচ্ছে ঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়, অন্ধ্র প্রদেশ ও মহারাষ্ট্র।