থাইল্যান্ডের এক ট্যাক্সিচালক তাঁর ট্যাক্সিতে ফেলে যাওয়া ৮.২ কেজি (১৮ পাউন্ড) ওজনের স্বর্ণালংকার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন। স্বর্ণালংকারগুলোর মূল্য প্রায় চার লাখ ১০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। স্বর্ণালংকারগুলো ফিরিয়ে দিয়ে ওই ট্যাক্সিচালক সততার অনন্য নজির স্থাপন করেছেন।৫৬ বছর বয়সী ওই ট্যাক্সিচালকের নাম সাকশ্রী কেটশ্রীকায়ু। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ ঘটনা ঘটে।ট্যাক্সিচালক সাকশ্রী জানান, যোগাযোগের ফোন বা মুঠোফোন নম্বর না থাকায় তিনি মালিকের খোঁজে দুই দিন গোটা ব্যাংকক চষে বেড়িয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসায়িক কারণে থাইল্যান্ডের উবন রাচাথানি নগরের স্বর্ণ ব্যবসায়ী ইকেরাত কানোকাওয়াত্তানা (৬০) স্ত্রীকে নিয়ে ব্যাংকক যান। সস্ত্রীক ওই ট্যাক্সিতে ওঠার পর ভুলে স্বর্ণালংকারের ব্যাগ ফেলে যান তাঁরা। ইকেরাত স্বর্ণালংকারগুলো ফেরত পেতে পুরস্কারের ঘোষণা দেন।ট্যাক্সিচালক জানান, ইকেরাত পুলিশের কাছে অভিযোগ করেছেন বলে কমিউনিটি রেডিওতে খবর প্রচার করা হয়। স্থানীয় পত্রিকায় স্বর্ণ খোয়া যাওয়ার খবর প্রচার হওয়ার পর তিনি কমিউনিটি রেডিওর সঙ্গে যোগাযোগ করেন।আজ শুক্রবার টেলিভিশনের খবরে দেখানো হয়, স্বর্ণালংকার ফিরে পেয়ে ইকেরাত কানোকাওয়াত্তানা ট্যাক্সিচালককে ছয় হাজার ৪০০ মার্কিন ডলার মূল্যের স্বর্ণ পুরস্কার দিচ্ছেন।