চার লাখের জন্য ৩২ শয্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত সাত দিন ধরি জ্বর কাশির অত্যাচারে বাঁচি থ্যাকায় দায় হয়ছে। বাড়িত ঠান্ডা মাঝিত থাকার কারণে নাকি কাশি ভালো হছে না। তাই বাড়ি ছাড়ি হাসপাতাল আইছি। কিন্তু একানেও বেড নাই। ঠান্ডা মাজিতই শুতি হছে।’ ১৫ সেপ্টেম্বর আক্ষেপ করে কথাগুলো বলেন, সিংড়া উপজেলার কালিগঞ্জ গ্রাম থেকে আসা রোগী সোনাভান বেওয়া। শয্যার অভাবে তাঁর মতো অনেকেই সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। উপজেলার চার লাখ মানুষের বিপরীতে এখানে শয্যা রয়েছে মাত্র ৩২টি। আরও ৩০টি শয্যা সম্প্রসারণের জন্য নতুন ভবন করা হলেও প্রয়োজনীয় জনবল ও উপকরণ না থাকায় তা চালু করা যাচ্ছে না বলে জানা গেঠে। খোঁজ নিয়ে জানা যায়, অস্থায়ী ভিত্তিতে (অ্যাডহক) ১০ জন চিকিৎসক নিয়োগ দেওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসক সংকট নেই। তবে আটটি এমএলএসএস পদের সব কটিই শূন্য রয়েছে। এক্স-রে মেশিনটি দীর্ঘদিন ধরে অকেজো থাকলেও তা মেরামত করা হয়নি। রোগীদের স্থানীয় বেসরকারি ক্লিনিক থেকে এক্স-রে করতে হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা যায়, হাসপাতালে মশা, বিড়াল ও দালালদের দৌরাত্ম্যে টেকা দায়। মহিলা ওয়ার্ডের রোগী মোমেনা বেগম বলেন, ‘দিনের বেলাতেও মশার কামড়ে থাকা যায় না। রাতে তো কথাই নাই। রাত-দিন কয়েল জ্বালিয়ে থাকতে হয়। হাসপাতাল থ্যাকি মশারিও দেওয়া হয় না।’ পুরুষ ওয়ার্ডের রোগী খোরশেদ আলী বলেন, এখানে বিড়ালের অত্যাচারে খাবার রাখাই মুশকিল। সুযোগ পেলেই বিড়াল খাবারে মুখ দেয়। রাতের বেলায় বিছানায় এসে ঘুমায়।