চার লাশ নিজেদের জিম্মায় রেখেছিল হেফাজত
মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকদের সরিয়ে দেওয়ার পর সেখানে চারটি লাশ পাওয়া গেছে। সমাবেশের মূল মঞ্চের পাশেই লাশ চারটি রাখা ছিল। আজ সোমবার সকালে পুলিশ ও র্যাব সূত্রে এ কথা জানা গেছে।পুলিশ জানায়, শাপলা চত্বর থেকে হেফাজতের নেতা-কর্মীদের সরাতে গতকাল রোববার দিবাগত রাত আড়াইটা থেকে পুলিশ, র্যাব ও বিজিবি সমন্বিত অভিযান চালায়। আধা ঘণ্টার সাঁড়াশি অভিযানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মতিঝিল মূল সড়কের নিয়ন্ত্রণ নেয়। তবে তখনো হেফাজতের কর্মীদের একটা অংশ বিভিন্ন গলিতে ঢুকে অবস্থান নেয়। আজ ভোররাত সাড়ে চারটা-পাঁচটার দিকে পুরো এলাকার নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে চলে যায়। পরে সেখান থেকে চারটি লাশ উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, সমাবেশস্থলের মূল মঞ্চের পাশে চারটি লাশ পড়ে ছিল। লাশ চারটি চৌকির ওপর কাপড় দিয়ে মোড়ানো ছিল। তাঁদের তিনজন বয়স্ক ব্যক্তি এবং একজনের বয়স কম।র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান জিয়াউল আহসান প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল দুপুরের দিকেই ওই চার ব্যক্তি মারা যান। হেফাজতের লোকজন লাশগুলো হস্তান্তর না করে উত্তেজনা তৈরির জন্য নিজেদের জিম্মায় রেখেছিল।