চার সচিব ও রাজউক চেয়ারম্যানের প্রতি অবমাননার রুল
সরকারের চার সচিব ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করার অভিযোগ এনে করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। চার সচিব হলেন—গৃহায়ণ ও গণপূর্তসচিব খন্দকার শওকত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শিল্পসচিব মঈন উদ্দিন আবদুল্লাহ, পরিবেশ ও বনসচিব শফিকুর রহমান পাটোয়ারী এবং রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা। রুলে তাঁদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালত সূত্র জানায়, ২৭ মে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ও সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি ওই আবেদনটি করে। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানিম হোসেইন। সঙ্গে ছিলেন আইনজীবী আরাফাত হোসেন খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল খায়রুন্নেচ্ছা। পরে তানিম হোসেইন প্রথম আলো ডটকমকে বলেন, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ২০১০ সালের ১৩ অক্টোবর পাঁচ দফা নির্দেশনাসহ রায় দেন। এতে রায় পাওয়ার এক বছরের মধ্যে জাতীয় বিল্ডিং কোড প্রয়োগে কর্তৃপক্ষ গঠন করতে বলা হয় অথবা বিদ্যমান সংস্থাকে তিন মাসের মধ্যে ওই দায়িত্ব দিতে বলা হয়। কিন্তু তা বাস্তবায়ন না করায় এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পাঁচজনের প্রতি রুল জারি করেন।