চার সচিবকে আদালতে তলব
আদালতের নির্দেশনা অনুসারে অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি-সংক্রান্ত জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করায়, চার সচিবের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন আপিল বিভাগ। এই চার সচিব হলেন—মন্ত্রিপরিষদ, অর্থ, আইন ও জনপ্রশাসন সচিব। একই সঙ্গে আদালত আগামী ১৪ মার্চ তাঁদের আদালতে হাজির হয়ে রুলের জবাব দিতে বলেছেন।আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। গত ২৪ জানুয়ারি আপিল বিভাগ সুপারিশ বাস্তবায়নে রাষ্ট্রপক্ষকে এক মাস সময় দিয়ে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন। ধার্য তারিখে রাষ্ট্রপক্ষ আবার সময়ের অবেদন জানালে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত। আজ সকালে শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক এবং মূল আবদনের পক্ষে ছিলেন এম আমির উল ইসলাম। আমির উল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, আপিল বিভাগ ১৪ দিনের মধ্যে চার সচিবকে রুলের জবাব দিতে বলেছেন। ১৪ মার্চ তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে। জানা যায়, মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে বিচার বিভাগ ২০০৭ সালে যাত্রা শুরু করে। পরে কমিশন গঠন করা হয়। ২০০৯ সালের ডিসেম্বরে কমিশন বেতন-ভাতা বৃদ্ধি-সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এরপর বিভিন্ন সময়ে ওই পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এটা বাস্তবায়নে জন্য সরকারপক্ষকে সময় দেওয়া হয়। সুপারিশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া চিকিৎসা, পোশাক ভাতাসহ আরও কিছু সুবিধা দেওয়ার কথাও সুপারিশে উল্লেখ করা হয়।