চার সচিবসহ ১১ জনের প্রতি আদালত অবমাননার রুল
আদালত অবমাননার অভিযোগে চার সচিবসহ ১১ জনের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের নির্দেশনা অনুসারে সিলেটের দুটি উপজেলায় বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধের উদ্যোগ না নেওয়ায় হাইকোর্ট এ রুল জারি করেছেন।আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ ও ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে তাঁদের কেন আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার এ রুল জারি করেন। বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।একই সঙ্গে সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার ডাউকি, পিয়াইন ও ধলাই নদীর আশপাশের এলাকায় স্কেভেটার ও বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।জানা যায়, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১০ সালের ১৪ জানুয়ারি বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন না করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।এর পরও সংশ্লিষ্ট এলাকায় বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন ও এ ব্যাপারে কর্তৃপক্ষের উদ্যোগ গ্রহণ না করার অভিযোগ এনে বেলা গত রোববার আবেদনটি করে। আজ আবেদনের ওপর শুনানি হয়। আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।পরে ইকবাল কবির প্রথম আলো ডটকমকে বলেন, চার সচিবসহ ১১ জনের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওখানে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন।যাঁদের প্রতি রুল জারি করা হয়েছে, তাঁরা হলেন পরিবেশসচিব, ভূমিসচিব, পানিসম্পদ-সচিব, জ্বালানি ও খনিজ সম্পদসচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের জেলা প্রশাসক, মিনারেল রিসোর্স ব্যুরোর আবু মো. নুর আলম, সিলেটের পরিবেশ অধিদপ্তরের পরিচালক, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।