চার সরকার পার করছে কাজের অগ্রগতি সামান্য
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জন্ম ২০০১ সালে। আর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ প্রকল্প নেওয়া হয় ১৯৯৬ সালে। দেড় দশকে প্রকল্পের মেয়াদ বেড়েছে বেশ কয়েকবার। ব্যয় বেড়েছে ৮১ কোটি থেকে ১৮২ কোটি টাকা। কাজের অগ্রগতি মাত্র ১০ শতাংশ।আলোচিত এই প্রকল্প শেষ করতে চারটি সরকারের মেয়াদ পার হচ্ছে। সবকিছু ঠিক থাকলে স্বাধীনতাস্তম্ভের পূর্ণাঙ্গ বাস্তবায়নে পঞ্চম সরকারের ছোঁয়া লাগবে, এমন ধারণা প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের। স্বাধীনতাস্তম্ভ প্রকল্পের সঙ্গে যুক্ত ছয় বিশেষজ্ঞ ও বিশিষ্ট নাগরিক পদত্যাগ করেন গত বছরের ৩০ জানুয়ারি। বিশেষজ্ঞদের কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে—মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এমন বক্তব্য দেওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নেন জামিলুর রেজা চৌধুরী, সামসুল ওয়ারেস, হাশেম খান, মুনতাসীর মামুন, রবিউল হুসাইন ও মোবাশ্বের হোসেন।এ প্রসঙ্গে জানতে চাইলে স্থপতি সামসুল ওয়ারেস প্রথম আলোকে বলেন, ‘এত সময়, এত টাকা ও এত কিছুর পরও একটি প্রকল্প সুষ্ঠুভাবে শেষ না হওয়া দুঃখজনক। আমরা সহযোগিতা করতে গিয়ে বিরূপ মন্তব্যের শিকার হয়ে চলে আসি। তার পরও দুই বছর পার হয়েছে। আমাদের প্রত্যাশা, সবকিছুর পরও যেন সুষ্ঠু ও সুন্দরভাবে প্রকল্পটি শেষ হয়।’একটি টাওয়ারে বরাদ্দ ১৩৮ কোটি টাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের পর হানাদার বাহিনীর আত্মসমর্পণের দলিলে স্বাক্ষরের ঘটনার স্মৃতিবাহী সোহরাওয়ার্দী উদ্যান। এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে মুক্তিযুদ্ধের স্থানগুলোতে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের প্রকল্প শুরু হয় ১৯৯৮ সালের ২৯ মার্চ, শেষ হওয়ার কথা ছিল ২০০৭ সালে। প্রকল্পে বরাদ্দ ছিল ৮১ কোটি ২৭ লাখ টাকা, সেই খরচ ১৮২ কোটি টাকায় উন্নীত হলেও কাজ শেষ হচ্ছে না। প্রকল্পে গ্লাস টাওয়ার নির্মাণের জন্যই বরাদ্দ প্রায় ১৩৮ কোটি টাকা, এর নির্মাণ উপকরণ চীন থেকে এখনো দেশে আসেনি।প্রকল্পের বাকি টাকা দিয়ে শিখা চিরন্তন, অ্যাপ্রোচ ও মূল প্লাজা, ভূগর্ভস্থ জাদুঘর, জলাধার, ভাষণস্থানের স্তম্ভ ও কিছু পায়ে চলার পথ নির্মাণের কাজ শেষ হয়েছে। এ মুহূর্তে উদ্যানের চারপাশে দেয়াল নির্মাণের কাজ চলছে।গ্লাস টাওয়ারে যা থাকবে: প্রকল্পের মূল কাজ গ্লাস টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০০৯ সালে। আর এ বছরের ১৫ ফেব্রুয়ারি দেশীয় প্রতিষ্ঠান এনডিই ও সিঙ্গাপুরভিত্তিক মার্কিন প্রতিষ্ঠান নোভাম গ্লাস টাওয়ারের স্ট্রাকচারাল ও ফাউন্ডেশন ডিজাইন জমা দেয়। গত ১৯ ফেব্রুয়ারি এটি পর্যালোচনা ও মতামতের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দলের কাছে পাঠানো হয়। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বে সাত সদস্যের একটি দল গ্লাস টাওয়ারের নির্মাণসামগ্রী সরবরাহকারী দেশ চীন ভ্রমণ করে এসেছে।এর আগে ১৯৯৭ সালের ২১ অক্টোবর স্বাধীনতাস্তম্ভের স্থাপত্য নকশা অনুমোদন করা হয়। মেসার্স আরবানা নামের একটি প্রতিষ্ঠান ১৫০ ফুট উচ্চতার গ্লাস টাওয়ারের ধারণা নকশা দাখিল করে। সরকার পরিবর্তনের পর প্রকল্পটির কাজকর্ম এক প্রকার স্থবির হয়ে পড়ে।প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টাওয়ারটির কাচের জোড়া এমনভাবে দেওয়া হবে, যাতে মনে হয় স্থাপিত কাচটি একটি খণ্ড। এর কাচের দেয়াল থেকে দিনের বেলা সূর্যের আলো প্রতিসরিত ও প্রতিফলিত হবে। রাতে বৈদ্যুতিক আলোর কিরণছটায় এটি আলোকিত হবে। টাওয়ারটির শীর্ষে লেজার বিমের সাহায্য একটি কম্পমান শিখা (মোমবাতির শিখার মতো) সৃষ্টি করা হবে।মন্ত্রণালয় বলছে, ২০১৩ সালের ১৫ মার্চের মধ্যে গ্লাস টাওয়ার নির্মাণকাজ শেষ হবে। প্রকল্প পরিচালক মো. মিজান-উল-আলম প্রথম আলোকে বলেন, ‘শিগগিরই গ্লাসসহ নির্মাণসামগ্রী চলে আসবে। আগামী ২৬ মার্চ এটা উদ্বোধন করা সম্ভব হবে।’স্থাপনা এখনো ওঠেনি: স্বাধীনতাস্তম্ভ তৈরির জন্য শাহবাগের পুলিশ নিয়ন্ত্রণকক্ষ, ফুলের দোকান ও শিশুপার্ক তুলে দেওয়ার কথা রয়েছে। এসব জায়গায় গ্রন্থাগার, গাড়ি পার্কিং, স্যুভেনিরের দোকান তৈরিসহ বেশ কিছু পরিকল্পনা রয়েছে। কিন্তু পুলিশ নিয়ন্ত্রণকক্ষটি পুরোপুরি তোলা হয়নি।মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বা ঐতিহাসিক স্থানে কোনো স্থাপনা থাকলে তা সরাতে উচ্চ আদালত নির্দেশ দেন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ২০০৯ সালের ২৫ জুন এই রিট আবেদন করেন।এ প্রসঙ্গে কে এম সফিউল্লাহ প্রথম আলোকে বলেন, আদালতের রায় না মানার বিষয়টি দুঃখজনক। আবারও আদালতে যাওয়ার কথা জানান তিনি।পুলিশ নিয়ন্ত্রণকক্ষ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বলেন, পুলিশ নিয়ন্ত্রণকক্ষের মূল কাজকর্ম আবদুল গনি রোডে চলে গেছে। প্রকল্পের কাজ শুরু হলে সেখানে টুকটাক যেসব কার্যক্রম আছে, তা সরানো হবে। উদ্যানটি অপরাধের স্বর্গরাজ্য, ইট-পাথরের জঞ্জাল: স্বাধীনতাস্তম্ভ নির্মাণ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান হয়ে পড়েছে ইট-পাথরের জঞ্জাল। উদ্যানের সবুজ গাছপালা উজাড় করা হয়েছে, নষ্ট হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য।ছিনতাইকারী ও মাদকাসক্তদের দখলে চলে গেছে ওই উদ্যান। অসামাজিক কর্মকাণ্ড, ভ্রাম্যমাণ দোকানদার, খেলাধুলাসহ বিভিন্ন কারণে কিছু গাছপালা টিকে থাকলেও সোহরাওয়ার্দী উদ্যানকে এখন আর ঠিক উদ্যান বলা যায় না।প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অপরাধীদের দৌরাত্ম্য এমন পর্যায়ে গেছে যে, সেখানে দুজন নির্বাহী প্রকৌশলী লাঞ্ছিত হয়েছেন। ১৪ জন আনসার ও কয়েকজন পুলিশ থাকলেও তাঁরা উদ্যানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না।উদ্যানের দক্ষিণে শ্রীশ্রী রমনা কালীমন্দির দুই একর ২২ শতাংশ এলাকা নিয়ে। কালীমন্দিরের পাশে এখন দুর্গা মন্দির, রাধাগোবিন্দ মন্দির, বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, মা আনন্দময়ী আশ্রম ও হরিচাঁদ ঠাকুর মন্দির নির্মাণ করা হয়েছে। সামনে মজা পুকুর। সেখানে প্রতীমা বিসর্জন দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলেছেন, সংরক্ষিত উদ্যানে এসব স্থাপনা সম্পূর্ণ অবৈধ। তবে মন্দির পরিচালনা কমিটির একজন সদস্য বলেন, ৪০০ বছরের পুরোনো কালীমন্দিরটি মাঠের উত্তর দিকে ছিল। স্বাধীনতাস্তম্ভ নির্মাণের জন্য তাঁরা দক্ষিণে সরে এসেছেন। বাকি স্থাপনা নির্মাণের জন্য কারও অনুমতি নেওয়া হয়নি।