জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষকদের আন্দোলনের মুখে চারজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। এ ছাড়া নতুন চারজনকে একই পদে সহকারী প্রক্টর হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আজ সকালে সহকারী প্রক্টর মো. কামাল হোসেন, মুহাম্মদ ছায়েদুর রহমান, নাজমুল হাসান তালুকদার ও সাব্বির আলম ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেন।জানা গেছে, জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় ৯ জানুয়ারি থেকে শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। এরই পরিপ্রেক্ষিতে আজ সকালে ওই চার সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দেন। আজ দুপুরেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদত্যাগপত্রে স্বাক্ষর করে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বরাবর পাঠিয়ে দেন। উপাচার্য তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করে ওই পদে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সহকারী অধ্যাপক কে এম আককাছ আলী, দর্শন বিভাগের প্রভাষক বিপ্লব কুমার হালদার, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ইব্রাহীম খালেদ ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের প্রভাষক হুসাইন মো. সায়েমকে দুই বছরের জন্য নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেন। নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টরদের মধ্যে আজ তিনজন যোগদান করেছেন। কে এম আককাছ আলী শিক্ষাসফরে থাকায় যোগদান করতে পারেননি। এর আগে আন্দোলনের মুখে গত ১৬ জানুয়ারি সাবেক প্রক্টর আরজু মিয়া পদত্যাগ করেন। এ ছাড়া ৪ ফেব্রুয়ারি সহকারী প্রক্টর কবিরুল বাসার ও ৬ ফেব্রুয়ারি ফিরোজ-উল-হাসান পদত্যাগ করেন। প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা প্রথম আলো অনলাইনকে বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে ইতিমধ্যে ছয়জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। এঁদের বিপরীতে আজ নতুন চারজন এবং এর আগে দুজনকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।