চার সার কারখানা বন্ধ রেখে গ্যাস যাচ্ছে বিদ্যুৎকেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান সেচ ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ-পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আজ সোমবার থেকে পর্যায়ক্রমে চারটি সার কারখানা বন্ধ করে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়ানো হবে।এ ছাড়া তেলচালিত কেন্দ্রগুলোতেও সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে জ্বালানি তেলের সরবরাহ চাহিদা অনুযায়ী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভার একাধিক সূত্র জানায়।প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম, পেট্রোবংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর, পিডিবির চেয়ারম্যান আবদুল ওয়াহাব খান এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ঘোড়াশাল, পলাশ, কর্ণফুলী সার কারখানা (কাফকো) এবং চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরিতে (সিইউএফএল) গ্যাস সরবরাহ বন্ধ করা হবে। আপাতত দুই মাসের জন্য ওই চারটি কারখানায় উৎপাদন বন্ধ রাখা হবে। ওই কারখানার গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। সেচ ও গ্রীষ্ম মৌসুমের শুরুতে পিডিবি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন ১১৫ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার কথা জানিয়েছিল। পেট্রোবাংলা এখন প্রতিদিন ৯০ কোটি ঘনফুটের কিছু বেশি গ্যাস সরবরাহ করছে। সার কারখানাগুলো বন্ধ করা হলে পিডিবির চাহিদার কাছাকাছি পরিমাণ গ্যাস বিদ্যুৎকেন্দ্রের জন্য সরবরাহ করা যাবে। এর ফলে চট্টগ্রাম অঞ্চলের বন্ধ বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করা সম্ভব হবে। এ ছাড়া ঘোড়াশাল, সিদ্ধিরগঞ্জ এবং সিরাজগঞ্জের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রেও গ্যাসের সরবরাহ বর্তমানের তুলনায় বাড়বে। পিডিবির কর্মকর্তারা জানান, গ্যাসস্বল্পতার কারণে এখন কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। কয়েকটিতে উৎপাদন কম করতে হচ্ছে। সার কারখানাগুলো বন্ধ করে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়ানো হলে বিদ্যুৎ উৎপাদন হবে সাড়ে ছয় হাজার মেগাওয়াটেরও বেশি। এখন হচ্ছে ছয় হাজার মেগাওয়াটের কম। গতকালের সভায় বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি তেল সরবরাহ বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়। এখন প্রতিদিন সর্বোচ্চ ৩৫ কোটি টাকার তেল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হচ্ছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে প্রতিদিন ৪০ কোটি টাকার তেল সরবরাহ করা হবে। প্রয়োজনে তেলের সরবরাহ আরও বাড়িয়ে কোনো কোনো দিন বিদ্যুৎ উৎপাদন সাত হাজার মেগাওয়াটে উন্নীত করার চেষ্টা করা হবে। সরকারের পূর্বাভাস অনুযায়ী, এ বছর এপ্রিলে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হবে সাত হাজার ৮৭৪ মেগাওয়াট। উৎপাদন ঘাটতি এক হাজার মেগাওয়াটের মধ্যে রাখা গেলে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে বলে সরকার মনে করছে।