চার সিটি করপোরেশন নির্বাচনে জোটগতভাবে সক্রিয়ভাবে মাঠে থাকছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। তবে উভয় দলের প্রার্থীই আনুষ্ঠানিকভাবে কোনো না কোনো নাগরিক সংগঠনের ব্যানারে অংশ নিচ্ছেন।ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে এরই মধ্যে জোটগতভাবে মেয়র পদে প্রার্থীদের সমর্থন ঘোষণা করেছে। আর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ব্যাপারে কিছু বলছে না। বিএনপির সূত্র জানায়, বিগত পৌর নির্বাচনের মতোই এ চারটি সিটি নির্বাচনেও কৌশলগত কারণে বিএনপি বা ১৮ দল সরাসরি অংশ নিচ্ছে না। তবে নাগরিক সমাজের ব্যানারে চারটি সিটিতেই একজন করে মেয়র প্রার্থী চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছে। প্রার্থীদের পক্ষে নেতা-কর্মীরা যাতে সক্রিয় থাকেন, সে নির্দেশনা কেন্দ্র থেকে স্থানীয় নেতৃত্বকে দেওয়া হয়েছে। চারটি সিটিতেই মেয়র পদে উভয় জোটের একাধিক করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত রোববার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। উভয় জোটই ২৬ মের মধ্যে দলের বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘সিটি নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়া নিয়ে দলের মধ্যে কোনো আলোচনা হয়নি, কোনো সভাও হয়নি। এটা স্থানীয় সরকার নির্বাচন। দলের নেতা-কর্মীরা নিজ উদ্যোগে অংশ নিতেই পারেন। এতে দলের কোনো ভূমিকা নেই।’এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশনে আওয়ামী লীগের নেতা ও সদ্য বিদায়ী মেয়র এ এইচ এম খায়রুজ্জামান নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করছেন। ১৪ দলের নেতা-কর্মী ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গঠিত এ ব্যানার থেকে ৬ মে খায়রুজ্জামানকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়া হয়।কারা কোথায় প্রার্থী: রাজশাহীতে ১৮-দলীয় জোটের প্রার্থী তিনজন। তাঁরা হলেন গত সিটি নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা বিএনপির দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক ও জামায়াতে ইসলামীর মহানগর কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর। এ তিনজন থেকে একজনকে চূড়ান্ত করে বাকি দুজনকে বসিয়ে দেওয়ার জন্য তৎপরতা চলছে। এ জন্য বিএনপিসহ ১৮ দলের নেতা-কর্মী ও সমর্থকদের সমন্বয়ে সম্মিলিত নাগরিক ফোরাম গঠন করা হয়েছে। খুলনায় জাতীয়তাবাদী নাগরিক সমাজের ব্যানারে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানকে সমর্থন দিয়েছে ১৮-দলীয় জোট। মনিরুজ্জামান দলীয় কৌশলের কারণে নির্বাচনে অংশ নিতে রোববার দল থেকে পদত্যাগ করেছেন। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এম শফিকুল আলম ও সেকান্দার জাফর উল্লাহ খান। এ দুজনকে নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে জাতীয়তাবাদী নাগরিক সমাজ। এখানে ১৪ দলের একক প্রার্থী হলেন সদ্য বিদায়ী মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের নেতা সভাপতি তালুকদার আবদুল খালেক। তিনি আনুষ্ঠানিকভাবে ১৪ দল-সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী। আরেক কমিটির আহ্বায়ক হলেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী।সিলেটে ক্ষমতাসীন জোটের প্রার্থী হলেন আওয়ামী লীগ নেতা ও সদ্য বিদায়ী মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। তিনি আনুষ্ঠানিকভাবে নাগরিক কমিটির প্রার্থী। এখানে ১৮-দলীয় জোটের পাঁচজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগরের সহসভাপতি নাছিম হোসাইন, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি শামসুজ্জামান ও জামায়াতের মহানগর আমির এহসানুল মাহবুব জুবায়ের (কারাবন্দী )। তবে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের নিয়ে গঠিত সম্মিলিত নাগরিক ফোরাম সমর্থন দিয়েছে আরিফুল হককে। একক প্রার্থী রাখার জন্য এবং চারজনকে বসিয়ে দেওয়া নিয়ে জোটে আলোচনা চলছে বলে জানা গেছে। বরিশালে ১৪ দলের প্রার্থী হলেন সদ্য বিদায়ী মেয়র ও আওয়ামী লীগের নগর সভাপতি শওকত হোসেন। তিনি সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এখানে যুবলীগের মাহমুদুল হক খান বিদ্রোহী প্রার্থী। বরিশালে বিএনপির তিনজন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন বিএনপির জেলা সভাপতি আহসান হাবিব কামাল, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চান ও কমিটির নগর সাধারণ সম্পাদক কামরুল হাসান। তাঁদের মধ্যে কাকে ১৮ দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হবে, সে জন্য ইতিমধ্যে একটি কমিটি করা হয়েছে বলে বিএনপির স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।