চার সিটিতে ভোট ১৫ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে আগামী ১৫ জুন।গতকাল সোমবার নির্বাচন কমিশন এই চারটি সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ মে, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ও ১৬ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ গতকাল দুপুরে কমিশনের সম্মেলনকক্ষে তফসিল ঘোষণা করেন। এ সময়ে কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মোহাম্মদ শাহনেওয়াজ এবং কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কমিশন সচিবালয় সূত্র জানায়, নির্বাচনে ঋণখেলাপিরা যাতে প্রার্থী হতে না পারেন, সে বিষয়ে তফসিলি ব্যাংকগুলোকে অবহিত করার জন্য আজ মঙ্গলবার কমিশন সচিবালয় থেকে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হবে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটি সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে কোন ওয়ার্ডের কতটি কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে, তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ঠিক করবেন।কমিশন সচিবালয়ের পরিপত্রে জানানো হয়েছে, প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তফসিলি ব্যাংকে হিসাব খুলতে হবে। নির্বাচনের সমুদয় ব্যয় এই হিসাব থেকে করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিয়মিত বাহিনীর পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ব্যাটালিয়ন আনসার ও র‌্যাব নিয়োজিত থাকবে। এই চার সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন হয়েছে ২০০৮ সালের ৪ আগস্ট। কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের ভোটার সংখ্যা দুই লাখ ৮৬ হাজার ৯২৭, খুলনা সিটির ৩১টি ওয়ার্ডের ভোটার সংখ্যা চার লাখ ৪০ হাজার ৬৪৭, বরিশাল সিটির ৩০টি ওয়ার্ডের ভোটার সংখ্যা দুই লাখ ১০ হাজার ৫৩০ এবং সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ভোটার সংখ্যা দুই লাখ ৯১ হাজার ৫৭। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন নিজ নিজ এলাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিজ নিজ বিভাগের বিভাগীয় কমিশনারকে।সিইসি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের সীমানা-বিন্যাসের কাজ শেষ হয়েছে। সে অনুযায়ী ভোটার তালিকা-বিন্যাসের কাজ চলছে। এ বিন্যাস শেষ হলে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে।