চার সিটির মেয়র পদপ্রার্থীদের নিয়ে বিতর্কের আয়োজন
নির্বাচন কমিশন বিতর্ক আয়োজনের মাধ্যমে চার সিটিতে মেয়র পদপ্রার্থীদের ভোটারদের সামনে হাজির করতে যাচ্ছে। এই বিতর্কে অংশ নিতে প্রতিটি সিটির মেয়র পদপ্রার্থীরা একসঙ্গে একই মঞ্চে উঠবেন। আগামী ৩ অথবা ৪ জুন থেকে এই বিতর্ক শুরু হতে পারে। বিতর্কের আয়োজন করতে আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক বিবিসি বাংলা বিভাগ, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, চার সিটিতে আগেও সংলাপ হয়েছিল। ধারাবাহিকতা রক্ষায় এবারও মেয়র পদপ্রার্থীদের ভোটারের মুখোমুখি করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কারিগরি প্রস্তুতি যথাসময়ে শেষ হলে আগামী সপ্তাহ থেকে এই বিতর্ক শুরু করে ১২ জুনের মধ্যে শেষ করা হবে। তিনি জানান, বিটিভি ও বেতারের মাধ্যমে রাত আটটার সংবাদের পর এক ঘণ্টার এই বিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে।তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। চার সিটিতে মোট ১২জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে ২০০৮ সালে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট এবং পরে চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল। সেই বিতর্ক টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।