চারজন গুলিবিদ্ধসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় গতকাল রোববার রাতে র‌্যাব-ডাকাত গুলিবিনিময় হয়েছে। র‌্যাব জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ চারজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করেছে দুটি বিদেশি রিভলবার, একটি পিস্তল ও চারটি হাতবোমা। গুলিবিদ্ধ চারজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো: মো. ফরিদ, মন্টু মিয়া, রাজিব ও শীল চন্দ্র বর্মণ। অক্ষত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ আলীকে।র‌্যাব সূত্র জানায়, গতকাল রাত সোয়া আটটার দিকে র‌্যাব গোয়েন্দা শাখা ও র‌্যাব-২-এর দুটি দল একযোগে এ অভিযান চালায়। র‌্যাব-২-এর মেজর এরশাদুল হক এ অভিযানের নেতৃত্ব দেন।রাতে মুঠোফোনে মেজর এরশাদুল হক জানান, মহাখালী রেলগেট থেকে কয়েক শ গজ দক্ষিণের একটি টিনশেড বাসায় ডাকাতেরা প্রস্তুতি নিচ্ছে এ রকম একটা খবর ছিল র‌্যাবের কাছে। রাত সোয়া আটটায় ওই বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা। এ সময় হঠাৎ করেই বাড়ির ভেতর থেকে গুলি চালানো শুরু করে দুর্বৃত্তরা। কিছুটা পিছু হটে অবস্থান নিয়ে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালাতে চালাতে বাড়ির ভেতর ঢুকে পাঁচজনকে গ্রেপ্তার করেন। এদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছে।এ সময় উভয় পক্ষের মধ্যে ২০-২২ রাউন্ড গুলিবিনিময় হয় বলে জানান মেজর এরশাদুল।