চারজনই সবার সেরা
জাতীয় গণিত উত্সবে যারা এসেছিল, তারা সবাই সেরা। সবাই আঞ্চলিক গণিত উত্সবের বিজয়ী। সেরাদের সেরা খুঁজে বের করতে আরও একটি লড়াই হয়েছে অষ্টম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে। এবার এই সেরাদের সেরাকে চেনার (চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস) পালা। চার ক্যাটাগরির শিক্ষার্থীদের মধ্যে এই চার সেরার একজন এসেছে রাজশাহী থেকে, একজন ঢাকার, একজন ময়মনসিংহ থেকে, আরেকজন কুষ্টিয়া থেকে। সেরাদের এই সেরা চারজনের প্রত্যেকের জন্য অন্য বিজয়ীদের চেয়ে বাড়তি ছিল ১০ হাজার টাকার প্রাইজবন্ড, চেকের সুদৃশ্য প্রতিলিপি ও একটি ক্রেস্ট।মো. মাহমুদুন্নবীপ্রাইমারি ক্যাটাগরিতে সেরাদের সেরা মাহমুদুন্নবী—নামটা ঘোষণা করতেই যা দেরি হয়েছে, একদৌড়ে মঞ্চে উঠতে দেরি হয়নি। ‘তুমি কি জানতে, সেরাদের সেরা হচ্ছ তুমিই?’ ‘সেরাদের সেরা হব কি না, না জানলেও কিছু একটা যে হব, তা জানতাম।’ সে জানাল, ‘পরীক্ষা খুব ভালো হওয়ায় আত্মবিশ্বাস ছিল যে ভালো কিছু করব। কিন্তু প্রথমে বিজয়ীদের তালিকায় নাম না আসায় খুব খারাপ লাগছিল। এরপর সেরাদের সেরা ফলাফলে আমার নাম ঘোষণা করা হলো, তখন কিছুক্ষণের জন্য অবাক হয়ে গিয়েছিলাম।’ তার এই সাফল্যের অনুপ্রেরণা হিসেবে ২০০৪ সালের মার্চে বাবাকে হারানো মাহমুদুন্নবী তার মা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের নিম্নমান সহকারী কাম টাইপিস্ট মুর্শেদা বেগমকেই প্রথম স্থানে রেখেছে। এরপর বলেছে তার শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষকদের কথা। বড় হয়ে কী হবে—জানতে চাইলে ছোট্ট মাহমুদুন্নবী গণিতবিদ হওয়ার স্বপ্নের কথা বলে। অবসরে গল্পের বই পড়তে আর ফুটবল খেলতে ভালো লাগে মাহমুদুন্নবীর। নিজের একটি কম্পিউটার হলে গণিতে নিজেকে আরও এগিয়ে নিতে পারবে বলে সে জানায়। ‘তখন একটু গেমসও খেলতে পারব’, জানাল মাহমুদুন্নবী। নূর মোহাম্মদজুনিয়র ক্যাটাগরিতে সেরাদের সেরা নূর মোহাম্মদ পড়ে ঢাকার মণিপুর উচ্চবিদ্যালয়ে। তার বাবা মো. মতিউর রহমান মোল্লা বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা আর মা আরিফা পারভীন খান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি করেন। গতবার জাতীয় উত্সবে চ্যাম্পিয়ন হয়েছিল শান্তশিষ্ট এই ছেলেটি। এবারও কোনো পুরস্কার পাবে জানত সে, কিন্তু সেরাদের সেরা হবে অতটা ভাবেনি। দুই ভাইয়ের মধ্যে ছোট নূর মোহাম্মদ বড় হয়েছে ঢাকায়। মূলত বড় ভাইয়ের উত্সাহ ও অনুপ্রেরণাই গণিত উত্সবে ভালো করার মূল কারণ। বাবা মতিউর রহমান মোল্লা বলেন, ‘চুপচাপ ছেলে আমার গণিত ও বিজ্ঞানে খুবই আগ্রহী। প্রচুর বই পড়ে সে। বড় হয়ে প্রকৌশলী হতে চায় নূর মোহাম্মদ।’মির্জা মো. তানজীম শরীফএবারের জাতীয় উত্সবে সবাইকে মুগ্ধ করেছে তানজীম শরীফ। চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী তানজীম এসএসসি পরীক্ষা শুরুর এক দিন পরই ময়মনসিংহ থেকে ঢাকায় এসে জাতীয় উত্সবে অংশ নিয়েছে। তানজীম যেন সত্যিকারের সেরা। গান, আবৃত্তি থেকে শুরু করে গণিত অলিম্পিয়াড—সবখানেই সেরা সে। শুধুই কি সেরা, সেরাদের সেরা! জাতীয় গণিত উত্সবে সেকেন্ডারি ক্যাটাগরিতে সেরাদের সেরা হয়েছে ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মির্জা মো. তানজীম শরীফ। মূলত গণিতের প্রতি তুমুল আগ্রহই তাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। তার বাবা মো. ইসকান্দার মির্জা হালুয়াঘাট গার্লস কলেজের গণিতের অধ্যাপক আর মা তাহমিনা বেগম স্বাস্থ্য পরিদর্শক। বিগত তিনটি গণিত ক্যাম্পে ডাক পেয়েছে সে ও তার ভাই তাওসীফ শরীফ। অসুস্থতার কারণে এবার জাতীয় উত্সবে তাওসীফ আসতে না পারায় বাবাকে সঙ্গে করে গণিত উত্সবে এসেছে তানজীম শরীফ। ভবিষ্যতে তড়িত্ প্রকৌশলী হতে চায় সে। তারিক আদনান সেরাদের সেরার চারজনের মধ্যে তারিক আদনান সবচেয়ে বেশি পরিচিত। গণিত উত্সবের সবাই তাকে চেনে। তারিক আদনান বাংলাদেশের পতাকা নিয়ে গিয়েছিল ভিয়েতনাম, স্পেন ও জার্মানিতে আইএমওতে। এর মধ্যে ৫০তম আইএমওতে ১ নম্বরের জন্য ব্রোঞ্জ পদক পায়নি সে। পেয়েছে অনারেবল ম্যানশন। অষ্টম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে সেরাদের সেরা কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তারিক আদনান তার নিজের চেষ্টায় কুুষ্টিয়ায় একটি গণিত চক্র প্রতিষ্ঠা করেছে। ‘কুষ্টিয়া ম্যাথ সার্কেল’ নামের এই চক্র স্থানীয় শিক্ষার্থীদের গণিতের উত্কর্ষ বাড়াতে কাজ করছে। তারিকের বাবা এ বি এম সামসুর রহমান চাকরিজীবী আর মা মালেকা বিলকিস কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। তারিকের একমাত্র ছোট ভাই রাফিদ সাদমানও এবারের জাতীয় গণিত উত্সবে প্রাইমারি ক্যাটাগরিতে প্রথম রানারআপ হয়েছে। তারিক ও রাফিদের মা-বাবার আস্থা আর সমর্থনই তাদের সাফল্যের মূল কারণ বলে জানাল তারা। তারিক গণিত অথবা পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়।