চারজনে বাঁচিয়ে রেখেছে একটি ভাষা
ভারতের ত্রিপুরা রাজ্যের একটি ছোট গ্রামে মাত্র চারজন মানুষ একটি ভাষাকে বাঁচিয়ে রেখেছে। ‘সাইমার’ এখন বিশ্বের অন্যতম বিলুপ্তপ্রায় ভাষা। গতকাল বুধবার দ্য হিন্দুতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভাষাবিদেরা ভাষাটিকে বাঁচিয়ে রাখতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করছেন।ভাষাটির ব্যবহারকারীদের বয়োজ্যেষ্ঠ (৭০) সুকুরথাঙ সাইমার। ভারতের সেন্ট্রাল ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ল্যাংগুয়েজ (সিআইআইএল) তার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারতের মহিশুরে আয়োজিত এক অনুষ্ঠানে গত মঙ্গলবার সুকুরথাঙকে সম্মাননা প্রদান করে।সিআইআইএলের উপপরিচালক আর সুব্বুকৃষ্ণা বলেন, ‘সাইমারভাষী ক্ষুদ্র জনগোষ্ঠীটি সুকুরথাঙকে মহিশুরে পাঠিয়েছে, যাতে সিআইআইএল (একজন অনুবাদকের সাহায্যে) ভাষাটির বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে পারে।’ সিআইআইএলের দেওয়া তথ্যমতে, সাইমারভাষী চারজন ব্যক্তি একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য।ত্রিপুরার কোকবোরক সাহিত্য সভার সভাপতি নন্দকুমার দেব বর্মণ সুকুরথাঙকে তাঁর নাতিসহ মহিশুরের অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন। তিনি বলেন, সাইমাররা হালাম আদিবাসীদের ১৮টি জনগোষ্ঠীর অন্যতম। তিনি বলেন, হালাম আদিবাসীদের বিভিন্ন জনগোষ্ঠীর উপভাষাগুলোর মধ্যে পার্থক্য সামান্যই। সাইমার ব্যবহূত হয় কেবল গান্টাছেড়া গ্রামে। ভাষাটির ব্যবহারকারীরা কৃষিশ্রমিক বা কৃষক। কিছু শব্দ উচ্চারণে জটিলতার কারণে ভাষাটিতে কথা বলা বেশ কঠিন।২০০৯ সালের একটি হিসাব অনুযায়ী, সাইমার ভাষায় কথা বলত প্রায় ২৫ জন আদিবাসী। এখন ব্যবহারকারী মাত্র চারজন—সুকুরথাঙ সাইমার, তাঁর স্ত্রী, নাতি ও একজন বৃদ্ধা।অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সুকুরথাঙ সাইমার আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি মঞ্চে উঠে উঁচু গলায় নিজ ভাষায় বক্তব্য দেন। তিনি বলেন, ‘আজ আমার ভাষা আর লোকেরা বিপদের মুখে। আমি দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আমাদের ভাষাকে রক্ষা ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিন।’