স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, ফখরুদ্দীন আহমদ, মইন উ আহমেদ ও সাবেক আইন উপদেষ্টা মইনুল হোসেনকে তাঁদের কাজের জন্য দেশের কাছে, গণতন্ত্রের কাছে জবাব দেওয়া উচিত।আজ শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জেল থেকে লেখা বাংলাদেশ’ শিরোনামে নিজের লেখা বইয়ের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াজউদ্দিন আহম্মেদ রাষ্ট্রপতি হিসেবে যে শপথ নিয়েছিলেন তা লঙ্ঘন করার জন্য তাঁর বিচার হওয়া উচিত। মইন উ আহমেদ সেনাপতি হয়েও সেনা আইন লঙ্ঘন করেছিলেন। বাংলাদেশে তাঁর নির্মিত বাড়ি ও সম্পদ বিক্রির টাকা যাতে দেশের বাইরে যেতে না পারে, সবার সহায়তায় তা নিশ্চিত করা হবে। ফখরুদ্দীন আহমদ বিদেশি নাগরিক হয়েও রাষ্ট্রপতির শপথ নিয়ে দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছেন। আর জাতীয় বেইমান মোশতাককে যিনি সহায়তা করেছিলেন, সেই ব্যারিস্টার মইনুল হোসেন নিজস্ব বাড়ি ও সম্পদ থাকা সত্ত্বেও বারিধারায় সরকারি জায়গা নিয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের আইনমন্ত্রী হিসেবে তিনি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয়।প্রকাশনা উত্সবে মহীউদ্দীন খান আলমগীর তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, দুর্বৃত্ত, স্বৈরতন্ত্রের প্রতিভূদের কথা অনুযায়ী জেলে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ১৩ বছরের জেল দেওয়া হয়।অনুষ্ঠানের সভাপতি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, জেলে মহীউদ্দীন খান আলমগীরের ওপর নির্মম নির্যাতন চালিয়েও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত করা যায়নি। যাঁরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করেন, তাঁদের এ বইটি পড়া উচিত। লেখক বইটিতে বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায় তুলে ধরেছেন।কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর বারবার শুনতে হয়, বাংলাদেশ গণতন্ত্রের উপযুক্ত নয়। যাঁরা এ কথা বলেন, তাঁরা দেশের স্বাধীনতার কথা ভুলে যান বলেই বলেন। মহীউদ্দীন খান আলমগীরকে মিথ্যা মামলায় জেলে পাঠানোর বিষয় উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা মামলা গণতন্ত্রহীনতারই একটি অনুচ্ছেদ।অনুষ্ঠানের অন্যতম আলোচক অর্থনীতিবিদ আবুল বারকাত জেলখানার মিথ্যা মামলার পটভূমি তুলে ধরেন।অনুষ্ঠানে মহীউদ্দীন খান আলমগীরের বড় বোন নীলুফার বেগম স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বলা হয়, জেলে থাকা অবস্থায় মহীউদ্দীন খান আলমগীর ইংরেজিতে লিখেছিলেন ‘নোটস ফ্রম প্রিজন বাংলাদেশ’। পরে তাঁর কয়েকজন সুহূদ তা বাংলায় অনুবাদ করেন এবং অনন্যা প্রকাশনী তা গ্রন্থাকারে প্রকাশ করে। অনুষ্ঠানে অনন্যার স্বত্বাধিকারী মনিরুল হকও বক্তব্য দেন।