চারজনের ‘ব্লু নোট’
রেনেসাঁর তিন সদস্য নকিব খান, পিলু খান ও রেজা এবং গীতিকার আসিফ ইকবাল এবার একটি সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান চালু করেছেন। নাম ‘ব্লু নোট’। প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা পিলু খান জানান, গত মার্চ মাস থেকে বারিধারায় সড়ক ১৩, বাড়ি ২১ ঠিকানায় এ প্রতিষ্ঠানের কাজ শুরু হয়েছে। প্রাথমিক অবস্থায় গিটার ও পিয়ানো বিভাগে ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। এরপর বেহালা ও কিবোর্ড বিভাগে ভর্তি-প্রক্রিয়া শুরু হবে। পিলু বলেন, ‘স্টাফ নোটেশনের সপ্তম নোটকে বলা হয় ব্লু নোট। আমরা স্টাফ নোটেশনকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের প্রতিষ্ঠান এ সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করছে। গোড়াতে বাদ্যযন্ত্রের দিকেই বেশি জোর দিচ্ছি। তবে সামনে গানের বিভাগও চালু করা হবে। থাকবে প্রাচ্য এবং পাশ্চাত্যে শাস্ত্রীয় সংগীত শেখার সুযোগ।’পিলু আরও জানান, ব্লু নোট প্রতিষ্ঠানে থাকছে প্র্যাকটিস প্যাড। যেসব ব্যান্ড নিয়মিত প্র্যাকটিস করতে চায়, এখানে থাকছে তাদের জন্য ব্যবস্থা।