চারটি আত্মঘাতী হামলা, নিহত ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদে আজ বুধবার ধারাবাহিকভাবে পৃথক চারটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ ব্যক্তি নিহত ও ৮০ জনেরও বেশি আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বাগদাদের কেন্দ্রীয় আলওয়াইয়া শহরে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে একটি থানায় হামলা চালায়। এতে পুলিশ সদস্যসহ ১৩ ব্যক্তি নিহত হয়েছেন। দ্বিতীয় বোমা হামলাটি ঘটেছে বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হুরিয়া জেলায়। সেখানকার পুলিশ ভবনের বাইরে এক আত্মঘাতী হামলাকারী তাঁর গাড়ি উড়িয়ে দেন। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। তৃতীয় হামলার ঘটনা ঘটেছে বাগদাদের দক্ষিণাঞ্চলীয় ইলাম জেলার একটি পুলিশ টহল দলের ওপর। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। চতুর্থ হামলার ঘটনা ঘটেছে উত্তর বাগদাদে আল হুরিয়ার কেন্দ্রীয় পুলিশের গাড়িবহরে। এতে একজন নিহত ও ১২ জন আহত হয়েছে।এছাড়া পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত ওয়াসাস (Washash) জেলায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।