চারটি ইউরিয়া সার কারখানা স্থাপন করা হবে: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আরও চারটি ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের আছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কোনো নতুন কলকারখানা বন্ধ হয়নি দাবি করে শিল্পমন্ত্রী বলেন, অলাভজনক সরকারি কলকারখানাগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বেলা সোয়া ১১টার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তরপর্বটি টেবিলে উপস্থাপিত হয়।শিল্পমন্ত্রী বলেন, ‘গ্যাসভিত্তিক চারটি বড় ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। এগুলো হচ্ছে—সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প, ভোলার শাহবাজপুরের ভোলা ফার্টিলাইজার প্রকল্প, সিরাজগঞ্জ জেলার নর্থ-ওয়েস্ট ফার্টিলাইজার প্রকল্প, আশুগঞ্জ-২ ফার্টিলাইজার প্রকল্প।’অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেসব সরকারি কলকারখানা অলাভজনক এবং কোনো অবস্থাতেই লাভজনক করা সম্ভব হবে না, সেগুলোকে বেসরকারি খাতে হস্তান্তর করতে সরকার বেসরকারীকরণ কমিশনের মাধ্যমে উদ্যোগ নেবে। তিনি বলেন, বর্তমান মহজোট সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত কোনো নতুন কলকারখানা বন্ধ হয়নি। তবে বিগত চারদলীয় জোট সরকারের আমলে বন্ধ করে দেওয়া তিনটি কারখানা পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।আরেক প্রশ্নের জবাবে দিলীপ বড়ুয়া বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) স্থাপিত দেশের ৭৪টি শিল্প নগরীর মধ্যে শিল্প খাতের উদ্যোক্তাদের চাহিদা ও সম্ভাব্যতার বিবেচনায় কয়েকটি বিসিক নগরী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ জন্য বিসিক প্রকল্প প্রণয়ন করে সরকারের অনুমোদনের জন্য পেশ করা হয়েছে।