চারটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কনস্টেবলসহ ১০ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা, টাঙ্গাইল, কুড়িগ্রাম ও সুনামগঞ্জে আজ শুক্রবার চারটি পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার হরিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনস্থলেই মা ও মেয়েসহ তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আজ বিকেল সোয়া পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে রয়েছেন উপজেলার রতনপুর গ্রামের আয়েশা (২৫), তাঁর মেয়ে করিমা (৩) ও তিনপাড়া গ্রামের মনিরের মেয়ে মীম (১০)। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে এবং একজনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঢাকা-বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে চারজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন। আজ সকাল সাতটার দিকে উপজেলার ধলাটেঙ্গুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্টবোঝাই ট্রাকটি ধলাটেঙ্গুর নামক স্থানে পৌঁছালে সেটির সামনের বাঁ-পাশের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।দুর্ঘটনায় সিমেন্টের বস্তার ওপর থাকা ট্রাকের আরোহীদের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ট্রাকের আটজন আরোহীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।কুড়িগ্রাম: কুড়িগ্রামে আজ বেলা ১১টার দিকে বাসের ধাক্কায় দুইজন কনস্টেবল মারা গেছেন। নিহত দুজন কনস্টেবল হলেন আবদুল বাতেন (৩৫) ও জাহাঙ্গীর (৩৭)। জানা যায়, তাঁরা মোটরসাইকেলে চড়ে রংপুর যাচ্ছিলেন। কুড়িগ্রামের সদর উপজেলা গেট এলাকায় পৌঁছালে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী হক স্পেশাল পরিবহনের একটি বাস পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতকে আজ সকালে বাসের চাপায় আবদুল ওয়াহিদ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।ওয়াহিদ স্থানীয় কৈতক জামে মসজিদের ইমাম ছিলেন। হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত জানান, আজ ভোরে ফজরের নামাজের পর কয়েকজন মুসল্লি সুনামগঞ্জ-সিলেট সড়কে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে আসা একটি বাস আবদুল ওয়াহিদকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।