চারটি বিদ্যুৎকেন্দ্রের দরপ্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৬৮ মেগাওয়াট ক্ষমতার চারটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রসহ মোট ১১টি দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিদ্যুতের চারটি প্রস্তাবে অনুমোদন দিলাম। এ ছাড়া সার ও চিনির দুটি প্রস্তাবসহ বেশ কয়েকটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।’জানা গেছে, চার বিদ্যুৎকেন্দ্রের দুটি হবে ঢাকায়। ঢাকার গাবতলীতে হবে একটি ও কেরানীগঞ্জে আরেকটি। এ ছাড়া একটি নারায়ণগঞ্জে এবং আরেকটি নাটোরে। দেশের বিদ্যুৎ-ঘাটতি নিরসনে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর আওতায় এ কেন্দ্রগুলো স্থাপিত হবে। প্রতিটি প্রকল্প ১৫ বছর মেয়াদি এবং এগুলো পরিচালিত হবে ফার্নেস অয়েল দিয়ে। বিওও (নির্মাণ, মালিকানা ও পরিচালনা) ভিত্তিতে এ কেন্দ্রগুলো নির্মিত হবে।মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জের গোগনগরে ১০২ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ পেয়েছে ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। নাটোরের কেন্দ্রটি ৫২ দশমিক ২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রকল্প। এটি পেয়েছে যৌথভাবে কনসোর্টিয়াম অব লেগডানবি লিমিটেড এবং এ অ্যান্ড এ ফ্যাশন সোয়েটারস লিমিটেড।গাবতলীর ১০৮ মেগাওয়াট এবং কেরানীগঞ্জের বসিলায় ১০৮ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ—দুটোরই কাজ পেয়েছে যৌথভাবে ফুজিয়ান লনকিং কোম্পানি লিমিটেড এবং ঢাকা ওয়েস্ট পাওয়ার লিমিটেড।বেলারুশ থেকে ৫০ হাজার টন সার আমদানি করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে আনা এ সারের (মূল্য নির্ধারণ সূত্র অনুযায়ী) পরবর্তী সময়ে মূল্য নির্ধারিত হবে।স্থানীয় পর্যায়ে আবদুল মোনেম সুগার রিফাইনারি থেকে ৫৮ হাজার ৪৭০ টাকা টন দরে ২০ হাজার টন চিনি কেনা হবে। এতে ব্যয় হবে ১২১ কোটি ৩৩ লাখ টাকা।নুরুল করিম জানান, পল্লী বিদ্যুতায়নের আপগ্রেডেশন প্রকল্পের আওতায় ‘ডিজাইন, সুপারভিশন অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটিং সার্ভিসেস’ শীর্ষক কাজের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৩৯ কোটি ২৬ লাখ টাকা। ‘পূর্বাচল নতুন শহর’ প্রকল্পের আওতায় ৩৫৫ কোটি টাকা ব্যয়ের পূর্বাচল সংযোগ সড়ক নির্মাণের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে কাঞ্চন ব্রিজ থেকে বালু ব্রিজ সংযোগ সড়ক পর্যন্ত কাজ পেয়েছে মনিকো সিপিসি জয়েন্ট ভেঞ্চার। এতে ব্যয় হবে ১৯৭ কোটি ৫৫ লাখ টাকা। আর বালু ব্রিজ সংযোগ সড়ক থেকে প্রগতি সরণি (কুড়িল) সংযোগ সড়ক পর্যন্ত অংশের কাজ পেয়েছে আলামীন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। এতে ব্যয় হবে ১৫৭ কোটি ৫৮ লাখ টাকা।বৈঠকে পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত চট্টগ্রাম শহর আউটার সংযোগ সড়ক প্রকল্পের কারিগরি পরামর্শক নিয়োগের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৩ কোটি ৩২ লাখ টাকা। এ ছাড়া এক হাজার ৪০৫ কোটি টাকা ব্যয়ে সিগন্যালিংসহ টঙ্গী-ভৈরববাজার রেললাইনের ডবল লাইন নির্মাণকাজের দরপ্রস্তাব অনুমোদিত হয়েছে।তবে অনুমোদিত হয়নি ভারতীয় ঋণচুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ১০টি বিজি ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ কেনার দরপ্রস্তাব।অর্থমন্ত্রী বলেন, ‘বৈঠকে এ বিষয়টি আমরা বিবেচনা করিনি। কেন করেননি, জানতে চাইলে এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘কারণ আছে।’আফ্রিকায় কৃষিজমিতে বিনিয়োগ: আফ্রিকায় কৃষি বিনিয়োগ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা বিনিয়োগ করছেন। কিন্তু আমাদের তো খালি পয়সা যাচ্ছে। আমদানিতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়।’বাংলাদেশ ব্যাংক আফ্রিকায় বিনিয়োগের ব্যাপারে আপত্তি জানিয়েছে—এমন প্রসঙ্গ উত্থাপন করলে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংক না করলে কী হলো, আমরা যদি এমন কোনো চিন্তা করি।’তাহলে কি আফ্রিকায় বিনিয়োগের ব্যাপারে আপনারা রাজি—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘না, রাজি সেটা বলব না।’ এতে ডলার পাচারের আশঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সে রকম কোনো সুযোগ নেই।’