চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর
টিউশন ফির ওপর সাড়ে চার শতাংশ হারে কর আদায়ের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি ও এআইইউবির শিক্ষার্থীরা আজ সোমবার বেলা দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মহাখালী রেলগেটের কাছে বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী বেলা দুইটার দিকে বিমানবন্দর সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা তিন থেকে চারটি গাড়ি ভাঙচুর করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত ছাত্রদের শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।বিকেল পাঁচটার দিকে ব্র্যাক ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী মহাখালীতে তাঁদের ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে দুই-তিনটি গাড়ি ভাঙচুর করেন। সাড়ে পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।