চারটি বড় বিদ্যুৎকেন্দ্রের চুক্তি হচ্ছে, ভাড়ার বিদ্যুৎ পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে চারটি বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হচ্ছে আগামী বৃহস্পতিবার। এর মধ্যে তিনটি বেসরকারি (আইপিপি) ও একটি সরকারি খাতের। এই চারটি কেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা প্রায় এক হাজার ২০০ মেগাওয়াট। দেশে একসঙ্গে এত বেশি নতুন বিদ্যুৎ উৎপাদনের চুক্তি স্বাক্ষর এই প্রথম।এ ছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ আদান-প্রদানের জন্য গ্রিড সংযোগ স্থাপনের চুক্তি হয়েছে গত মাসে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ভারতের সঙ্গে আরেকটি চুক্তি হতে যাচ্ছে। মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাব গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এত উদ্যোগের মধ্যেও ভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপন পিছিয়ে আছে। চুক্তি বিলম্বিত: বৃহস্পতিবার চুক্তি হতে যাওয়া চারটি কেন্দ্রের মধ্যে আইপিপি তিনটি হচ্ছে: গ্যাসভিত্তিক বিবিয়ানা-১ ও ২ এবং দ্বৈত জ্বালানিভিত্তিক মেঘনাঘাট-২। বিবিয়ানার দুটি ও মেঘনাঘাট-২ কেন্দ্রগুলো স্থাপনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল গত ডিসেম্বর মাসের মধ্যভাগে। এখন চুক্তি হচ্ছে এর প্রায় পাঁচ মাস পর।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিবিয়ানার কেন্দ্র দুটিতে গ্যাসসংযোগ দেওয়ার জন্য আট কিলোমিটার পাইপলাইন এবং ওই কেন্দ্র দুটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে আনার জন্য ৪০০ কেভিএ ক্ষমতার একটি উপকেন্দ্র করতে হবে। এ জন্য প্রায় ২৬ একর জমি দরকার। সেই জমি অধিগ্রহণের প্রক্রিয়া বিলম্বের একটি কারণ।আর মেঘনাঘাট কেন্দ্রটি হবে দ্বৈত জ্বালানিভিত্তিক (ডুয়েল ফুয়েল)। এ ক্ষেত্রে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আনুষঙ্গিক কিছু বিষয় সরকারকে বিশেষভাবে ভাবতে হয়েছে। আইন, বাণিজ্য প্রভৃতি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত গ্রহণও অনেক সময়সাপেক্ষ কাজ। সর্বশেষ বিদ্যুতের দাম নিয়েও সরকার ও সংশ্লিষ্ট কোম্পানির মধ্যে কিছু অস্পষ্টতা নিরসন করতে হয়েছে। ফলে চুক্তি স্বাক্ষর পিছিয়েছে।চুক্তি স্বাক্ষর বিলম্বিত হওয়ায় কেন্দ্রগুলো স্থাপনও পিছিয়ে যাবে কি না, জানতে চাইলে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পর দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ের আগেই শেষ করার জন্য আমরা প্রস্তুত আছি।’প্রথম দুটি কেন্দ্রর মোট উৎপাদনক্ষমতা হবে প্রায় ৭০০ মেগাওয়াট ও তৃতীয়টির ৩৩৫ মেগাওয়াট। তিনটি কেন্দ্রই করবে দেশের শীর্ষস্থানীয় কোম্পানি সামিট। তাদের সঙ্গে আছে আমেরিকার কোম্পানি জিই। এতে মোট বিনিয়োগ হচ্ছে তিন হাজার ৭০০ কোটি টাকা। সরকার তাদের কাছ থেকে এই কেন্দ্রগুলোর বিদ্যুৎ কিনবে ২২ বছর ধরে।গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে এক টাকা ৯০ পয়সা। এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে এলে বিদ্যুতের গড় দাম অনেক কমে আসবে। ফলে, সরকার ভর্তুকির পরিমাণ কমাতে পারবে। বিদ্যুতের মূল্যবৃদ্ধিও সহনীয় পর্যায়ে রাখা যাবে।সরকারি মালিকানার কেন্দ্রটি হচ্ছে খুলনা ১৫০ মেগাওয়াট। স্পেনের কোম্পানি আইসোল্যাক্স এটি নির্মাণের ঠিকাদারি পেয়েছে। এর অগে, গত ২০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি খাতের হরিপুর ৩৬০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।বাংলাদেশ-ভারত চুক্তি: বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ আদান-প্রদানের জন্য গ্রিড সংযোগ স্থাপনের অবকাঠামো নির্মাণের কাজ চলছে। দুই দেশের সরকারের সংশ্লিষ্ট দুটি সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব ইন্ডিয়া (পিজিসিআই) পর্যায়ে চুক্তিও হয়েছে।বিদ্যুৎ-সচিব গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, গত মাসে (এপ্রিল) ঢাকায় সংশ্লিষ্ট সংস্থা দুটির পর্যায়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। গত মাস থেকেই তা কার্যকরও হয়েছে। এখন দুই দেশের সীমান্তবর্তী এলাকায় সঞ্চালন লাইন নির্মাণ ও ভেড়ামারায় গ্রিড উপকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে। ২০১৩ সালের এপ্রিল মাস (চুক্তি স্বাক্ষরের দুই বছর পর) থেকে বাংলাদেশ এই লাইন ও উপকেন্দ্রের মাধ্যমে ভারত থেকে বিদ্যুৎ পাবে।কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র: বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চূড়ান্ত চুক্তিও এক মাসের মধ্যে স্বাক্ষরিত হবে বলে বিদ্যুৎ-সচিব জানান। বাগেরহাটের রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (এনটিপিসি) মধ্যে গত ফেব্রুয়ারি মাসে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। কিন্তু মূলত কয়লা আমদানির জন্য মংলা বন্দরের দুটি জেটি ব্যবহারে বন্দর কর্তৃপক্ষ রাজি না হওয়ায় চুক্তি স্বাক্ষর বিলম্বিত হয়েছে। এখন সরকারের নীতিনির্ধারক পর্যায় থেকে ওই দুটি জেটি ব্যবহারের ব্যাপারে নীতিগত অনুমোদন পাওয়ায় চুক্তি স্বাক্ষরে আর কোনো বাধা নেই বলে সরকারি সূত্র জানায়।মার্চেন্ট কেন্দ্রের প্রস্তাব গ্রহণ: চলতি মাসেই বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব গ্রহণ করা হবে। এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ-সচিব বলেন, মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ব্যাপারে এক সপ্তাহের মধ্যে বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে প্রস্তাব গ্রহণের কাজ শুরু করা হবে। অনলাইনে এই প্রস্তাব গ্রহণ করা হবে। এ-সংক্রান্ত সব কাগজপত্র তৈরি করা হয়েছে। কোন কোন উপকেন্দ্রের আওতাধীন কোন কোন স্থানে বিদ্যুৎকেন্দ্র করা যাবে, তা নির্ধারণের কাজও শেষ করা হয়েছে। যারা আগে প্রস্তাব দেবে, তার প্রস্তাব অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।মার্চেন্ট কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের দাম সম্পর্কে সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না উল্লেখ করে বিদ্যুৎ-সচিব বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ধরনের কেন্দ্রের জন্য একটি ‘বেঞ্চমার্ক রেট’ নির্ধারণ করেছে। সেটিই বহাল রাখা হবে। এসব কেন্দ্রের মোট উৎপাদনক্ষমতার ৩০ শতাংশ বিদ্যুৎ ওই দামে কিনবে সরকার। বাকি বিদ্যুৎ উদ্যোক্তা কোম্পানি গ্রাহক ঠিক করে বিক্রি করবে। তবে এ জন্য তারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে সরকারি অবকাঠামো (সঞ্চালন ও বিতরণব্যবস্থা) ব্যবহারের সুযোগ পাবে।ভাড়াভিত্তিক কেন্দ্র পিছিয়ে: অনেক আগে চুক্তি হলেও ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কার্যক্রম পিছিয়ে আছে। গত মার্চ ও এপ্রিল মাসে ভাড়াভিত্তিক যে কেন্দ্রগুলো চালু হওয়ার কথা ছিল, এর অধিকাংশ হয়নি।সরকারি সূত্র জানায়, গত মার্চ মাসে মোট ২৮৩ মেগাওয়াট ক্ষমতার তিনটি এবং এপ্রিল মাসে প্রায় ৬০০ মেগাওয়াট ক্ষমতার নয়টি নতুন ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার সময় নির্ধারিত ছিল। কিন্তু এর অধিকাংশই এখন পর্যন্ত চালু হয়নি। ফলে, সম্প্রতি ঢাকাসহ সারা দেশে লোডশেডিং বেড়েছে। কোনো কোনো এলাকায় প্রতি ঘণ্টায় লোডশেডিং হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে।জানা গেছে, খুলনা (কেপিসিএল) ১১৫ এবং নোয়াপাড়া (খানজাহান আলী) ৪০ মেগাওয়াট কেন্দ্র দুটি পরীক্ষামূলক উৎপাদনে আছে। আশুগঞ্জ ৮০ মেগাওয়াট, মেঘনাঘাট ১০০ মেগাওয়াটসহ কয়েকটি কেন্দ্রও এই মাসে চালু হবে।বিদ্যুৎ-সচিব বলেন, ভাড়াভিত্তিক কেন্দ্রগুলো চালু হতে কিছুটা বিলম্ব হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট উদ্যোক্তারা জরিমানা দিতে বাধ্য হচ্ছে। তবে কিছুটা বিলম্ব হলেও চলতি মে মাসের মধ্যে প্রায় ৩৫০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসবে। আর এ বছরের মধ্যে পরিকল্পিত কেন্দ্রগুলোও চালু হবে।সরকারের পরিকল্পনা অনুযায়ী এ বছর (২০১১ সাল) সর্বমোট দুই হাজার ১৯৪ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা। এর মধ্যে এখন পর্যন্ত চালু হয়েছে মোট ৪০০ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র।