চারদলীয় জোট ট্রাম্পকার্ড হিসেবে আমাকে ব্যবহার করেছে: মুফতি হান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান বলেছেন, ‘বিগত চারদলীয় জোট সরকার আমাকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করেছে। ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় এখন বিএনপির অনেক বড় বড় নেতার (বাঘব বোয়াল) নাম তদন্তে বের হয়ে আসছে।’মুফতি হান্নান বলেন, ‘জোট সরকারের আমল থেকে গত পাঁচ বছরে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে ৩৬৯ দিন রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের নামে পুলিশ আমার ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে।’আজ রোববার বাগেরহাটের বিচারিক হাকিম-২-এর আদালতে সাংসদ শেখ হেলালের নির্বাচনী জনসভায় বোমা হামলার মামলায় রিমান্ড আবেদনের ওপর শুনানিকালে মুফতি হান্নান আদালতে এ কথা বলেন। রিমান্ড আবেদন মঞ্জুর না করার জন্য আদালতকে অনুরোধ জানিয়ে মুফতি হান্নান বলেন, ‘আমি এই বোমা হামলার বিষয়ে কিছুই জানি না।’মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির খুলনা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুখরঞ্জন সমাদ্দার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ১৮ আগস্ট সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আজ রোববার বিচারক মো. নূর নবী মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।মুফতি হান্নান কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতকে বলেন, ‘আমাকে হুজি সংগঠনের প্রধান বলা হয়। কিন্তু আমি এই সংগঠনের কোনো সদস্যও না। আমি একজন ধর্মপ্রাণ মানুষ। আমি অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। আমি গোপালগঞ্জের ১৮টি মাদ্রাসার অধ্যক্ষ। মানুষ মারার ঘৃণ্যকাজে আমি কখনই জড়িত ছিলাম না। আমার ভাই, চাচাসহ আমার পরিবারের অনেকেই গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ভেবেছিলাম, বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকারের সময়ে সুবিচার পাব।’ শুনানি শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মুফতি হান্নানকে বাগেরহাট কারাগারে নিয়ে যাওয়া হয়।মামলার তদন্ত কর্মকর্তা সুখরঞ্জন সমাদ্দার জানান, আদালত মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দু-এক দিনের মধ্যেই তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।প্রসঙ্গত, বাগেরহাটের মোল্লারহাটে ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর শেখ হেলালের নির্বাচনী জনসভায় বোমা হামলার মামলায় মুফতি হান্নানকে এ বছরের ৭ এপ্রিল গ্রেপ্তার দেখানো হয়।বোমা হামলার এ ঘটনায় নয়জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছিল।