চারদলীয় জোট সম্প্রসারণ প্রক্রিয়া আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝে কিছুদিন থমকে থাকার পর বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সম্প্রসারণ করার প্রক্রিয়া আবার শুরু হয়েছে। আগামী ১২ মার্চ ঢাকায় চার দলের মহাসমাবেশে বা এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ বিষয়ে ঘোষণা দিতে পারেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে।সূত্রগুলো জানায়, সম্ভাব্য সম্প্রসারিত জোটের রূপরেখা তৈরি করার জন্য গত সোমবার বিএনপি ও জামায়াতে ইসলামীর পাঁচজন নেতা বৈঠক করেন। সেখানে জোটের শরিক হতে ইচ্ছুক দলগুলোর জন্য একটি ঘোষণাপত্র তৈরি করে তা দলগুলোর শীর্ষ নেতাদের দেওয়ার ব্যাপারে আলোচনা হয়। জানতে চাইলে ওই বৈঠকে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘জোট সম্প্রসারণ করার বিষয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে। এখন তার অগ্রগতি হচ্ছে।’ এর জন্য কোনো ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আপনাকে শুধু এটুকু বলতে পারি, জোট সম্প্রসারণের জন্য যা যা করার, তার কাজ চলছে।’চারদলীয় জোটের একাধিক সূত্র জানায়, গত সোমবারের বৈঠকটি ছিল ঘোষণাপত্র তৈরির বিষয়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তাতে সিদ্ধান্ত হয়, বিএনপি ও জামায়াতের নেতারা মিলে সমমনা দলগুলোর জন্য শিগগিরই একটি ঘোষণাপত্র তৈরি করবেন। এরপর মতামত নেওয়ার জন্য তা জোটের শরিক হতে ইচ্ছুক দলগুলোর প্রধানদের দেওয়া হবে। সবার মতামত পাওয়ার পর ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ বৈঠকে দলের স্থায়ী কমিটির দুজন সদস্য নজরুল ইসলাম খান ও আবদুল মঈন খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও নুরুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন। জানতে চাইলে বৈঠকের কথা স্বীকার করেন আবদুল্লাহ মো. তাহের। তিনি প্রথম আলোকে বলেন, ‘খসড়া ঘোষণাপত্র তৈরির ব্যাপারে আমাদের প্রাথমিক ধারণা হয়ে গেছে। আর দু-একটা বৈঠকের পর ঘোষণাপত্র চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করছি।’প্রায় ছয় মাস আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনর্বহাল করার আন্দোলনে বিএনপির পক্ষ থেকে সমমনা দলগুলোর আনুষ্ঠানিক সমর্থন চাওয়া হয়। এতে ১০টি দল বিএনপির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে চারদলীয় জোটের শরিক হতে ইচ্ছা প্রকাশ করে। দলগুলোর মধ্যে আছে: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও বাংলাদেশ ন্যাপ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ন্যাপ-ভাসানী, লেবার পার্টি, বাংলাদেশ ইসলামিক পার্টি ও মুসলিম লীগ (কামরুজ্জামান)। কিন্তু জোটের ঘোষণাপত্র তৈরি না হওয়া, দীর্ঘ মেয়াদে জোটে থাকা নিয়ে কোনো কোনো দলের ব্যাপারে বিএনপির সংশয়, শরিক হতে ইচ্ছুক পাঁচটি দলের নিবন্ধন না থাকা ও জোটের নাম নিয়ে মতভিন্নতাসহ আরও কিছু কারণে চারদলীয় জোট সম্প্রসারণ-প্রক্রিয়া মাঝপথে থমকে ছিল। জোটে অন্তর্ভুক্ত হতে ইচ্ছুক দলগুলোর একাধিক নেতা বলেন, তাঁরা আশায় ছিলেন, ৩০ জানুয়ারি গণমিছিল কর্মসূচির আগে এ বিষয়ে ঘোষণা আসবে। কিন্তু তা না আসায় দলগুলোর মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। চার দলের শরিক একটি দলের কেন্দ্রীয় একজন নেতা প্রথম আলোকে বলেন, জোট সম্প্রসারণ করার বিষয়ে গত মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত চার দলের বৈঠকেও আলোচনা হয়। ওই রাতে সমমনা দলের সঙ্গেও খালেদা জিয়া আলাদা বৈঠক করেন।জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী স্বীকার করেন, মঙ্গলবার রাতে চার দলের বৈঠকে জোট সম্প্রসারণ করার বিষয়ে আলোচনা হয়। তিনি প্রথম আলোকে বলেন, বৈঠকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জোট সম্প্রসারণের জন্য একটি ঘোষণাপত্র মুসাবিদা করা হচ্ছে। তা চূড়ান্ত করা গেলে ১২ মার্চের মহাসমাবেশে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।