চারদলীয় জোট সম্প্রসারণের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সম্প্রসারিত করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে জোটভুক্ত দলগুলো একমত হয়েছে বলে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে।সূত্রটি জানায়, লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) জোটভুক্ত করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ছোট আরও কয়েকটি দল জোটে অন্তর্ভুক্ত হতে আগ্রহী। এসব দল ইতিমধ্যে চারদলীয় জোটের বিভিন্ন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বা তাতে অংশ নিয়েছে। তবে বিএনপি চাইছে শুধু নিবন্ধিত রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করতে। এ জন্য আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে। এর বাইরে অনিবন্ধিত রাজনৈতিক দলকে জোটের সহযোগী বা সমমনা হিসেবে রাখা হবে।চারদলীয় জোটের একাধিক নেতা জানান, এলডিপির আগ্রহের কারণে জোট সম্প্রসারণের উদ্যোগ গতি পেয়েছে। জানতে চাইলে এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রথম আলোকে বলেন, খুব শিগগির বিএনপির নেতাদের সঙ্গে তাঁদের বৈঠক হবে। এলডিপিসহ আর কয়েকটি দল নিয়ে জোট সম্প্রসারণের বিষয়টি এখন চূড়ান্ত। আগামী আন্দোলন কর্মসূচি ঘোষণার আগেই জোট সম্প্রসারণের বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে। বিএনপি সূত্রে জানা গেছে, এলডিপিসহ ১০টি দল বিএনপির নেতৃত্বাধীন জোটে অন্তর্ভুক্ত হতে আগ্রহী। বাকি দলগুলোর মধ্যে আরও রয়েছে: বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), লেবার পার্টি, মুসলিম লীগ, ন্যাপ ভাসানী, বাংলাদেশ ন্যাপ ও ইসলামিক পার্টি। এর বাইরে আরও কিছু রাজনৈতিক দলকে জোটে টানতে কাজ করছে বিএনপি। এর মধ্যে বিকল্পধারা বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ (রব), জাতীয় পার্টি (জেপি) ও কয়েকটি ধর্মভিত্তিক দলের সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনা করেছে বিএনপি। জোটের একাধিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার চারদলীয় জোটের বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জোট সম্প্রসারণের আলোচনা উত্থাপন করেন। তিনি সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে জোটের সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেন, জোট সম্প্রসারণ নিয়ে বছর খানেক ধরে আলোচনা হচ্ছিল। জোটে জামায়াতের প্রভাব কমে যেতে পারে—এই আশঙ্কায় দলটি এত দিন সম্প্রসারণের বিপক্ষে ছিল। এ কারণে জোট সম্প্রসারণের কাজ এত দিন আটকে ছিল। বৃহস্পতিবারের বৈঠকে খালেদা জিয়ার দৃঢ় অবস্থানের কারণে জামায়াত জোট সম্প্রসারণের পক্ষে মত দিয়েছে।জানতে চাইলে জামায়াতের ঢাকা মহানগর শাখার সেক্রেটারি ও সাংসদ হামিদুর রহমান আযাদ প্রথম আলোকে বলেন, জোট সম্প্রসারণের ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। তবে জোটের শরিকদের মধ্যে এ নিয়ে দ্বিমতও নেই। আর জামায়াত জোট সম্প্রসারণের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখে।