চারদলীয় জোটের এক মহাজোটের দুই প্রার্থী
পঞ্চগড় পৌরসভা নির্বাচনে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে একক প্রার্থী দিয়েছে চারদলীয় জোট। চারদলীয় জোটের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র জেলা বিএনপির সহসভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. তৌহিদুল ইসলাম, মহাজোটের প্রার্থী হিসেবে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া বর্তমান কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান কাউন্সিলর, মুক্তিযোদ্ধা আবদুল কাদের মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন।বিএনপির প্রার্থী মো. তৌহিদুল ইসলামের বিরুদ্ধে দলের ও জোটের অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি জামায়াত এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মূল নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ মো. মজাহারুল হক প্রধানের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ১২ ডিসেম্বর পৌর আওয়ামী লীগের এক সভায় ভোটাভুটির মাধ্যমে মহাজোটের প্রার্থী নির্বাচন করা হয়। এতে মো. জহিরুল ইসলাম সর্বোচ্চ ৪২, আবদুল কাদের ৯, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবি মাহমুদ ৩ এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ২ ভোট পান।এদিকে মহাজোটের প্রার্থী হিসেবে মো. জহিরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু মহাজোটের এই সিদ্ধান্তের বিরোধিতা করে পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান কাউন্সিলর আবদুল কাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। পৌর আওয়ামী লীগের সভাপতি, বর্তমান কাউন্সিলর মুক্তিযোদ্ধা আবদুল কাদের বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করেছি। বর্তমানে পৌর আওয়ামী লীগের সভাপতি। চারবার কাউন্সিলর ও দুই বছর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। মেয়র পদে নির্বাচন করার জন্য দীর্ঘদিন ধরে গণসংযোগসহ সব প্রস্তুতি চালিয়ে আসছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, টাকার বিনিময়ে একজন বহিরাগতকে মহাজোটের প্রার্থী করা হয়েছে। যাকে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে, তিনি আওয়ামী লীগ বা মহাজোটের শরিক দলের কর্মী ছিলেন না। আমাকে হুমকি দেওয়া হচ্ছে, নির্বাচন করলে দল থেকে বহিষ্কার করা হবে। আমি একজন মুক্তিযোদ্ধা, তাই নির্বাচন করবই।’মহাজোটের প্রার্থী মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমি আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগ তথা মহাজোট থেকে নির্বাচন করতে আমি মনোনয়ন চাই। মহাজোটের নেতা-কর্মীরা আমাকে মনোনয়ন দিয়েছেন। তিনি আরও বলেন, মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করলে নিশ্চিত জয়লাভ করব।’মেয়র প্রার্থী মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘চার চারবার চেয়ারম্যান ও মেয়র হিসেবে পৌরবাসীর সেবা করেছি। পৌরবাসীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। পঞ্চগড় পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করতে পেরেছি। আমার প্রতিশ্রুতির ৮০ ভাগ পূরণ করতে পেরেছি। এসব কর্মকাণ্ড বিবেচনা করে ভোটাররা ইনশা আল্লাহ আমার পক্ষেই রায় দেবেন। তা ছাড়া চারদলীয় জোটে আমি একক প্রার্থী। জামায়াত ও জাগপা আমাকে সমর্থন দেওয়ায় আমি আরও আশাবাদী।’ জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান গত শনিবার রাতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সভায় জেলা বিএনপির সভাপতি ও সাংসদ মো. মোজাহার হোসেন উপস্থিত ছিলেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ মো. মজাহারুল হক প্রধান বলেন, ভোটাভুটির মাধ্যমে মহাজোটের প্রার্থী হিসেবে মো. জহিরুল ইসলামকে মনোনীত করা হয়েছে। জাসদ ও জাতীয় পার্টি এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে।