চারদলীয় জোটের নেতাদের খুশি হওয়ার কিছু নেই
নবনিযুক্ত মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেনন মহাজোটের রাজনীতির সঙ্গেই আছেন। চারদলীয় জোটের নেতাদের খুশি হওয়ার কিছু নেই। মন্ত্রী হন আর না হন, তাঁরা মহাজোটে থেকে খালেদা-নিজামী চক্রকে ধুলিসাত্ করার শেষ লড়াইয়ে সামনের কাতারেই থাকবেন।আজ শনিবার মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু এসব কথা বলেন।মহাজোট সরকারের নবনিযুক্ত পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী আজ দত্তপাড়ায় জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরীর বাবা ইলিয়াছ আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান।হাসানুল হক ইনু আরও বলেন, বিএনপি-জামায়াত চক্র যুদ্ধাপরাধীদের বাঁচাতে শেষ চেষ্টা চালাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার এর বিরুদ্ধে শেষ লড়াইটা চালাবে। সেই লড়াই চালানোর জন্য মন্ত্রিপরিষদের এই রদবদল।নবনিযুক্ত মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, হাসানুল হক ইনু, মো. মুজিবুল হক, এ এইচ মাহমুদ আলী ও মোস্তফা মোহাম্মদ এবং প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধরী ও আবদুল হাই আজ সকাল ১০টার দিকে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমীনে করে কাওড়াকান্দি ফেরিঘাটে আসেন। হুইপ নূর-ই-আলম লিটন চৌধুরী শিবচর উপজেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে মন্ত্রীদের সংবর্ধনা জানান। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আ. সোবাহান গোলাপ, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, পরিবহন নেতা মনির চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।