চারদলীয় জোটের ভূত মহাজোটের কাঁধে!
‘ওই দূরে দ্যাখেন, পিন্টুর কাম দেখা যাইতাছে। পিন্টুই কইতে পারব কার লাইগা ওই ব্রিজ অয় বানাইছিল। পাঁচ বছর ধইরা খালি পইড়া আচে। কোনো কামে লাগে না। ঝাউচরে অর (পিন্টু) দুইডা কালভার্ট খুঁইজা পাওন যায় না। হাউজিংওয়ালারা নদী ভইরা ফেলাইছে। অখোন তো দেখি একই কাম আওয়ামী লীগের সময়ও চলতাচে!’সরকারি অর্থ অপচয় করে লালবাগের বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টু নিজের ঠিকাদারিতে কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গার শাখানদীতে অপ্রয়োজনীয় সেতু ও কালভার্ট তৈরি করেছিলেন। ওই সেতু ও কালভার্টের কথা স্মরণ করে ওপরের কথাগুলো বলেন কামরাঙ্গীরচরের স্থানীয় ব্যবসায়ী সিরাজুল ইসলাম। তিনিসহ এলাকার অনেকেই বলেছেন, অপ্রয়োজনীয় কালভার্ট তৈরির কাজ এখনো চলছে।খোঁজ নিয়ে জানা গেছে, নাসির উদ্দীন আহাম্মেদ ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে কামরাঙ্গীরচর ও কামালবাগে বুড়িগঙ্গার শাখানদীতে একটি সেতু ও দুটি কালভার্ট তৈরি করেন। এতে ব্যয় হয় ১১ কোটি টাকা। সেতুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কারণ, কোনো সংযোগ সড়ক ছাড়াই সেটি তৈরি হয়েছিল। সেতুর চারদিকে শুধু পানি। আর কালভার্ট দুটি ব্যবহার করা তো দূরের কথা, সে দুটি কোথায়, তা দেখাই যায় না। জোট আমলে এই অপ্রয়োজনীয় ও ক্ষতিকর কালভার্ট তৈরি শুরু হয়েছিল। তবে সেই ধারা মহাজোট আমলেও অব্যাহত আছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত অর্থবছরে (২০০৯-১০) রাজধানীর ১০টি কালভার্ট তৈরির ঠিকাদারি পেয়েছিল মেসার্স ভাতুরিয়া ট্রেডার্স (মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম), বি এইচ কনস্ট্রাকশন (মালিক মোহাম্মদ জয়নাল আবেদীন), মেসার্স মোল্লা ট্রেডার্স (মালিক মোহাম্মদ মাজেদুল ইসলাম), মেসার্স সহিদুল ইসলাম বিল্ডার্স (মালিক মোহাম্মদ সহিদুল ইসলাম), সজীব এন্টারপ্রাইজ (মালিক সামসুদ্দিন ভূঁইয়া), জলিল অ্যান্ড ব্রাদার্স ও রহমান অ্যান্ড ব্রাদার্স। গত অর্থবছরে তৈরি করা ১০টি কালভার্টের মধ্যে সাতটি লোকজন ব্যবহার করতে পারছে না। এ ব্যাপারে গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও রাস্তাঘাট সংস্কার প্রকল্পের কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, কালভার্টগুলোর দুই দিকে সুরকি ফেলে খাল ও জলাশয় ভরাট করতে হবে। এরপর এগুলো চলাচলের উপযোগী হবে।ভরাট করার ফলে খাল ও জলাশয়ের ক্ষতির বিষয়ে জানতে চাইলে নূরুল ইসলাম বলেন, ‘সাংসদেরা আমাদের যেখানে জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন, সেখানেই কালভার্ট তৈরি করা হচ্ছে। এখানে কর্মকর্তাদের কিছু করার নেই।’অপর দিকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ রাজধানীতে কেন বাস্তবায়িত হচ্ছে—জানতে চাইলে ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক জহুরুল হক বলেন, সাংসদেরা ঢাকায় এই প্রকল্প বাস্তবায়ন করতে চান।সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, কালভার্ট তৈরির আগে এ বিষয়ে সাংসদদের কাছে চিঠি দিয়ে সম্ভাব্য দুটি স্থানের প্রস্তাব চাওয়া হয়। সাংসদেরা যে দুটি স্থানের নাম দেন, সেখান থেকে একটি স্থান চূড়ান্ত করেন ত্রাণ অধিদপ্তরের কর্মকর্তারা।ত্রাণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর সংশ্লিষ্ট এলাকার সাংসদদের সুপারিশের ভিত্তিতেই সেসব এলাকার খালে কালভার্ট তৈরি করা হয়েছে।এ ব্যাপারে আইন প্রতিমন্ত্রী এবং স্থানীয় সাংসদ কামরুল ইসলাম বলেন, কালভার্ট তো উন্নয়নের জন্য করা হয়। তবে এটি যেহেতু পরিত্যক্ত অবস্থায় আছে এবং খালের জন্য যদি সমস্যা তৈরি করে থাকে, তাহলে বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।দক্ষিণখানের পরিত্যক্ত কালভার্টের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় সাংসদ সাহারা খাতুন বলেন, কালভার্টের জন্য ওই জায়গা তিনি নির্ধারণ করে দেননি। তিনি বলেন, এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।