চারদিকেই সংকট, তবু উচ্চাভিলাষী বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রীর চারদিকেই এখন সংকট। ব্যয়ের চাপ সামাল দিতে পারছেন না। রয়েছে মূল্যস্ফীতির চাপ, কমছে প্রবৃদ্ধি। বিনিয়োগ কম, সঞ্চয় ভেঙে খাচ্ছে সীমিত আয়ের মানুষ।এর মধ্যেই অর্থমন্ত্রীকে দিতে হচ্ছে নির্বাচনী ভাবনার বাজেট। যদিও অর্থমন্ত্রীকে থাকতে হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নীতি-কাঠামোর আওতায়। তাই নিতে হবে অনেক অজনপ্রিয় সিদ্ধান্ত। আর সবকিছু ছাপিয়ে যাচ্ছে রাজনীতির সংঘাত।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংকট মূলত চারটি— অর্থনীতির শ্লথ গতি, নির্বাচনী চাপ, আইএমএফের কঠিন শর্ত আর রাজনৈতিক অস্থিরতা। এই চার সংকটের মধ্যেই আগামী ৭ জুন ২০১২-১৩ অর্থবছরের নতুন বাজেট দেবেন তিনি। অথচ রাজস্ব আদায় বাড়ানো ছাড়া অর্থমন্ত্রীর হাতে ভালো তেমন কিছু আর নেই। এ কারণে নানামুখী চাপের মধ্যেই নতুন বাজেট তৈরি করছেন তিনি।ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ প্রথম আলোকে বলেন, অর্থমন্ত্রী নতুন বাজেটে এক লাখ ১২ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় করবেন বলে ঠিক করছেন। রাজনৈতিক অস্থিরতা যদি থাকে, তাহলে এই রাজস্ব আদায় করা সম্ভব হবে না। কারণ, রাজনৈতিক সংঘাত বাড়লে এর প্রভাব পড়বে অর্থনীতিতে। এতে ব্যবসা-বাণিজ্য ভালো চলবে না, অর্থনীতিতে দেখা দেবে সংকট। এ কারণে সরকারও রাজস্ব পাবে না।ভালো নেই অর্থনীতি: বিশ্ব অর্থনীতির মন্দা নিয়ে সারা বিশ্ব এখন চিন্তিত। ধনী দেশগুলোর সমন্বয়ে গঠিত জি-৮ এ সপ্তাহে বিশ্ব অর্থনীতির মন্দা নিয়ে বৈঠকে বসছে। সবার দুশ্চিন্তা ইউরোপের অর্থনীতি নিয়ে।বাংলাদেশেরও চিন্তা এখন ইউরোপ আর যুক্তরাষ্ট্র নিয়ে। কেননা, বাংলাদেশের মোট রপ্তানির ৫১ শতাংশ যায় ইউরোপে এবং ২২ শতাংশ যুক্তরাষ্ট্রে। সুতরাং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মন্দা প্রভাব ফেলে বাংলাদেশের অর্থনীতিতে। গত ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি-আয়ে প্রবৃদ্ধি ছিল প্রায় ৪২ শতাংশ। আর গত এপ্রিল মাস পর্যন্ত সময়ে, অর্থাৎ চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম ১০ মাসে রপ্তানি-আয়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৮ দশমিক ৪১ শতাংশ। এর মধ্যে পর পর দুই মাস, মার্চ ও এপ্রিলে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে প্রায় সাড়ে ৭ শতাংশ হারে।কমছে আমদানিও। তবে উদ্বেগের বিষয় হচ্ছে, সবচেয়ে বেশি আমদানি কমেছে শিল্প স্থাপনের পুঁজি যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে। এই দুই ধরনের পণ্য আমদানিতে উদ্যোক্তারা নতুন করে ঋণপত্রও খুলছেন না। এ থেকে বলা যায়, নতুন বিনিয়োগে এখন আর যাচ্ছেন না উদ্যোক্তারা।এ অবস্থায় চলতি অর্থবছরের প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ হবে বলে মনে করছে আইএমএফ। দাতা সংস্থাটি গত এপ্রিলে সরকারকে একটি প্রতিবেদন দিয়ে বলেছে, আগের অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হলেও এবার তা সাড়ে ৫ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে। দুর্বল রপ্তানি প্রবৃদ্ধি, বিনিয়োগে শ্লথ গতি এর মূল কারণ। পাশাপাশি সঞ্চয় হারের প্রবৃদ্ধিও উচ্চ মূল্যস্ফীতির কারণে কমে যাচ্ছে। এর সার্বিক প্রভাব পড়বে অর্থনীতিতে।বৈরী সম্পর্কের প্রভাব: বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় পাইপলাইনে অর্থাৎ অব্যবহূত সাহায্যের পরিমাণ ছিল ৮৩৫ কোটি ২০ লাখ ডলার, আর এখন তা এক হাজার ৬০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। সাহায্য ব্যবহার করতে না পারার ক্ষেত্রে এটি একটি রেকর্ড। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। এ কারণে দাতারা প্রতিশ্রুত সাহায্য ছাড় করছে না এবং বাড়ছে অব্যবহূত সাহায্যের পরিমাণ। তা থেকেই অর্থনীতির সংকটের সূত্রপাত। বৈদেশিক সাহায্য না পেয়ে অভ্যন্তর থেকে সরকার বিপুল অঙ্কের ঋণ নিয়ে ভর্তুকি দিচ্ছে। এতে বাড়ছে মূল্যস্ফীতি।বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন প্রথম আলোকে বলেন, বৈদেশিক সহায়তা বাড়ানোর প্রতি মনোযোগী হওয়ার কোনো বিকল্প এখন আর সরকারের হাতে নেই। আইএমএফের সঙ্গে বোঝাপড়ার কারণে এ বছর ৯০ কোটি ডলারের প্রথম কিস্তি পাওয়া গেছে। কিন্তু পদ্মা সেতু প্রকল্পে বড় ধরনের অর্থায়ন স্থগিত হয়ে আছে এবং দাতারা এ ব্যাপারে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছে।বিনায়ক সেন বলেন, ২০০৭-০৮ সালেও বিশ্ববাজারে জ্বালানি তেল ও গম-চালের দাম বেড়েছিল। কিন্তু সে সময়ের তত্ত্বাবধায়ক সরকারকে বিশ্বব্যাংক বাজেট সহায়তা দিয়ে পরিস্থিতি সামাল দিতে সাহায্য করেছিল। কিন্তু বর্তমান সরকার সেটা পায়নি। এ কারণেই বৈদেশিক দাতাদের মনস্তত্ত্ব বোঝা দরকার। তিনি বলেন, আশা করা হয়েছিল, অর্থনীতির তাগিদেই সরকার নমনীয় হবে। কিন্তু গত দুই-তিন মাসের ঘটনা থেকে দেখা যাচ্ছে, সরকার কঠোর অবস্থানেই আছে। ফলে সংকটও কাটছে না। নির্বাচনী বাজেট: প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, ২০১৪ সালের জানুয়ারিতে পরবর্তী নির্বাচন হবে। সুতরাং বাজেট বাস্তবায়নের জন্য এই সরকার আর মাত্র একটি পূর্ণাঙ্গ অর্থবছরই পাচ্ছে। ফলে আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটের জন্য নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কথাও ভাবতে হচ্ছে। অর্থমন্ত্রী সে কথা বলেছেনও। এ কারণেই নতুন এডিপি হচ্ছে ৫৪ হাজার ৩০০ কোটি টাকার। এতে প্রকল্প থাকছে এক হাজারের বেশি।সরকারদলীয় সাংসদেরা পরিকল্পনা কমিশনে অসংখ্য প্রকল্পের তালিকা পাঠিয়েছেন। সেখান থেকে বাছাই করে কয়েক শ প্রকল্প এডিপিতে থাকছে। সবাইকে সন্তুষ্ট করতে বরাদ্দবিহীন হলেও এসব প্রকল্প রাখা হচ্ছে বলে জানা গেছে।নির্বাচনী বাজেট হলেও তা বাস্তবায়ন নিয়ে থাকছে সন্দেহ। চলতি অর্থবছরে মার্চ পর্যন্ত সময়ে (নয় মাস) এডিপি বাস্তবায়িত হয়েছে মাত্র ৪৫ শতাংশ। বাকি তিন মাসে বাস্তবায়ন করতে হবে ৫৫ শতাংশ। আগামী অর্থবছরে রাজনৈতিক অস্থিরতা থাকলে এডিপি বাস্তবায়ন-পরিস্থিতি আরও খারাপ হবে বলেই মনে করছেন অর্থনীতিবিদেরা। বিনায়ক সেন পরামর্শ দিয়ে বলেছেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে এডিপির ১০ শতাংশ বাস্তবায়নের ব্যবস্থা করা হলে এডিপি-সংকট কিছুটা কমবে। সরকারও এতে রাজনৈতিকভাবে লাভবান হবে।আইএমএফ বনাম নীতির সার্বভৌমত্ব: ২০০৪-০৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় পাকিস্তানের সে সময়ের অর্থমন্ত্রী শওকত আজিজ বলেছিলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) ‘গুডবাই’ জানানোর মধ্য দিয়ে বাজেটে অর্থনৈতিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। এর কারণ হিসেবে তিনি দারিদ্র্য বিমোচন প্রবৃদ্ধি সুবিধার (পিআরজিএফ) আওতায় আইএমএফের ঋণ কর্মসূচি থেকে বের হয়ে আসতে পারার কথা বলেছিলেন। আমাদের অর্থমন্ত্রী শেষ সময়ে এসে আইএমএফের ঋণের আওতায় ঢুকতে বাধ্য হয়েছেন। বিশ্বব্যাংকের কাছ থেকে সহায়তা না পেয়ে অর্থমন্ত্রীকে আইএমএফের কাছে যেতে হয়েছে। এখানেই অর্থমন্ত্রীর সংকট।সম্প্রসারিত ঋণসুবিধার আওতায় তিন বছরে ছয় কিস্তিতে ৯০ কোটি ডলারের এই ঋণ পাবে বাংলাদেশ। এ জন্য অনেকগুলো শর্ত পূরণ করতে হবে। যেমন—জ্বালানি ও বিদ্যুতের দাম আরও বাড়াতে হবে, কমাতে হবে ভর্তুকি, করব্যবস্থায় বড় ধরনের সংস্কার করতে হবে, বিনিময় হার আরও নমনীয় করতে হবে, কমাতে হবে রাষ্ট্রায়ত্ত খাতের লোকসান। নির্বাচনের ঠিক আগে এর সব কটি সিদ্ধান্তই ভোক্তাদের জন্য অজনপ্রিয়। আর ঠিক এই কাজটিই অর্থমন্ত্রীকে করতে হবে আগামী অর্থবছরে।উচ্চাভিলাষী বাজেট: অর্থনীতিবিদদের সঙ্গে অর্থমন্ত্রী এরই মধ্যে একাধিকবার প্রাক্-বাজেট বৈঠক করেছেন। অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির কারণে অর্থনীতিবিদেরা এবার উচ্চাভিলাষ পরিহার করতে বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বড় আয় ও বড় ব্যয়ের বাজেটই তৈরি করছেন অর্থমন্ত্রী।নতুন বাজেট হবে এক লাখ ৯০ হাজার কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে ৫৪ হাজার ৩০০ কোটি টাকার হবে এডিপি। অন্যদিকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকবে এক লাখ ১২ থেকে এক লাখ ১৫ হাজার কোটি টাকার মধ্যে। বিশাল আয় ও ব্যয়ে এই বাজেট বাস্তবায়ন করতে হবে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ মনে করেন, বিশাল আকারের এই বাজেট বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে। এ অবস্থায় রাজনৈতিক সমঝোতার কোনো বিকল্প নেই। রাষ্ট্রপতি সংলাপের উদ্যোগ নিয়েছিলেন। তাতে কাজ হয়নি। এখন প্রধানমন্ত্রীকেই সমঝোতার উদ্যোগ নিতে হবে। সমঝোতা না হলে সেটি হবে বাজেট বা অর্থনীতির জন্য খারাপ সংবাদ।