চারশো বছরের রাজশাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের ৪০০ বছরের ইতিহাস নিয়ে রচিত রাজশাহী মহানগর : অতীত ও বর্তমান গ্রন্থের প্রকাশনা উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গত শনিবার দুপুরে এই উৎসবের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) এবং রাজশাহী সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে দুই খণ্ডে এই বইটি প্রকাশিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য আতফুল হাই শিবলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ এবং সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। অনুষ্ঠানে রাজশাহী মহানগর: অতীত ও বর্তমান গ্রন্থের সম্পাদক ও আইবিএসের সাবেক পরিচালক মাহবুবর রহমান স্বাগত বক্তব্য দেন। গ্রন্থ পরিচিতি তুলে ধরেন আইবিএসের সহযোগী অধ্যাপক স্বরোচিষ সরকার। তিনি জানান, এ গ্রন্থে রাজশাহী মহানগরের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, সমাজ-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও গবেষণা, স্থাপত্য ও প্রত্নতত্ত্বসহ বিভিন্ন বিষয়ে শতাধিক প্রবন্ধ রয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি একটি মাইলফলক ও অসাধারণ দলিল, যা জ্ঞান-গবেষণা চর্চার ক্ষেত্রে সবার জন্য কল্যাণকর হবে। তাঁরা বলেন, এ গ্রন্থের মাধ্যমে রাজশাহী মহানগরের পরিচয় নতুনভাবে সবার কাছে ফুটে উঠবে।প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পদার্থবিজ্ঞানী ওসমান গণি তালুকদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ফায়েকউজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ওয়াজেদ আলী, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তানবিরুল আলম, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক চিত্তরঞ্জন মিশ্রসহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকেরা প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন।