চারুকলা অনুষদে জয়নুল-উৎসব শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন উৎসবের আমেজ। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষদের শিক্ষার্থীদের বানানো বিভিন্ন শিল্পকর্ম নিয়ে গতকাল বৃহস্পতিবার সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। অনুষদজুড়ে আটটি বিভাগের শিক্ষার্থীরা নিজেদের বানানো বিভিন্ন শিল্পকর্মের পসরা নিয়ে বসেছেন। প্রদর্শনী ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মেতে উঠেছেন নব-আনন্দে।শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী মিসেস জাহানারা আবেদিন গতকাল উৎসবের উদ্বোধন করেন। চারুকলা অনুষদের ডিন এমদাদুল হক মো. মতলুব আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।অনুষ্ঠানে চারুকলা শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক মুর্তজা বশীর এবং অধ্যাপক কাইয়ুম চৌধুরীকে ‘জয়নুল সম্মাননা-২০১১’ দেওয়া হয়। এ ছাড়া ২০১০ সালের বার্ষিক শিল্পকর্মে অংশগ্রহণকারী সেরা ৩৬ জন শিক্ষার্থীকেও পুরস্কার দেওয়া হয়। প্রিন্ট মেকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. মনজুরুল আলম শিল্পাচার্য জয়নুল আবেদিন স্বর্ণপদক (২০১০) পেয়েছেন।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন এ দেশে শিল্পচর্চা ও শিল্পবোধের ভিত রচনা করেছিলেন। তিনি এমন এক সময় চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন, যে সময় বাংলাদেশে চিত্রকলা বিষয়ে তেমন কোনো ধারণা ছিল না। তিনি বলেন, ‘শিল্পাচার্য বলতেন, বাঙালি জাতির অনেক দীনতার মধ্যে সবচেয়ে বড় দীনতা রুচিবোধের’। উপাচার্য এই রুচিবোধের দীনতা কাটিয়ে উঠে সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাফিক ডিজাইন বিভাগের অধ্যাপক মামুন কায়সার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ মীজানুর রহমান, জয়নুল উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক সৈয়দ আবুল বারক আলভী প্রমুখ বক্তব্য দেন।সপ্তাহব্যাপী জয়নুল উৎসব এবং বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আগামী ৪ জানুয়ারি শেষ হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী চলবে।