চারুকলা থেকে ছাত্রলীগ নেতা সাময়িক বহিষ্কার
শিক্ষকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা নবেন্দু সাহাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলো ডটকমকে জানান, উপাচার্যের কাছে নবেন্দুর ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিচার চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২৯ জন শিক্ষক। পরে গতকাল রাতে নবেন্দুকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।নবেন্দু চারুকলা অনুষদের মৃিশল্প বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ও ছাত্রলীগের কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক।গত মঙ্গলবার অনুষদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষকেরা অনুষ্ঠান বর্জন করায় শিল্পাচার্য জয়নুল আবেদিন পদক দেওয়া সম্ভব হয়নি।গত মঙ্গলবার সহকারী প্রক্টর রবিউল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, অনুষদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে নবেন্দু সাহা পুরস্কার দেওয়ার জন্য বাছাইকৃতদের সম্পর্কে আপত্তি তোলেন। তিনি দাবি করেন, যোগ্যতা ও নিয়ম পূরণ না করা সত্ত্বেও কিছু শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হচ্ছে। একপর্যায়ে তিনি শিক্ষকদের নিয়েও আপত্তিকর কথা বলা শুরু করেন।ওই নেতার আচরণে ক্ষুব্ধ শিক্ষকেরা অনুষ্ঠান বর্জন করেন এবং বিচার চেয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন।তবে নবেন্দু সাহা বলেন, অনুষ্ঠানে তিনি কোনো আপত্তিকর আচরণ করেননি। শুধু বার্ষিক প্রদর্শনীর নীতিমালা ও জয়নুল পদকের নীতিমালার বিষয়ে জানতে চেয়েছেন।