ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণের আমগাছটির ওপর হলুদ রঙের এই ফুলগুলো দেখে ভেবেছিলাম হয়তো চেনাজানা কোনো ফুল। কিন্তু কাছে গিয়ে ভুল ভাঙল, একেবারেই অচেনা। শনাক্ত করার জন্য ফুলটির ছবি তুলে নমুনা সংগ্রহ করা প্রয়োজন। চারুকলার ডিন অধ্যাপক মতলুব আলীকে প্রয়োজনের কথা জানালে তিনি ছাদে যাওয়ার অনুমতি দিলেন। ছাদে উঠে কাছ থেকে ফুলের যে প্রাচুর্য দেখেছি তা ভোলার নয়। গুচ্ছবদ্ধ ফুল ও নবীন পাতার প্রাচুর্যে ঢাকা পড়েছে আমগাছটি। কয়েকটা দিনের জন্য আমগাছের অস্তিত্ব যেন ওদের কাছেই সমর্পিত। ছবি তুলে পাঠিয়ে দিলাম বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সরদার নাসির উদ্দিনের কাছে। তিনি জানালেন ফুলটির বৈজ্ঞানিক নাম macfadyena unguis-cati. কোনো বাংলা নাম নেই। অনেক অনুসন্ধান করেও এ লতাটি কে, কখন লাগিয়েছিলেন তার কোনো খোঁজ মিলল না। তবে লতাটির আনুমানিক বয়স ৩০-৪০ বছরের কম নয়। এটি লতানো গাছ। ইংরেজি নাম Cats claw vine. সম্ভবত পাতার কোল থেকে গজানো ত্রিশিক আঁকশিটি দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো বলেই এমন নামকরণ। এই আঁকশি ওরা মাটি ও গাছ আঁকড়ে ধরতে ব্যবহার করে। প্রস্ফুটন প্রাচুর্য, কমনীয়তা ও উজ্জ্বল রঙের জন্য পৃথিবীর উষ্ণমণ্ডলীয় দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। আদি বাস ওয়েস্ট ইন্ডিজে। তবে মেক্সিকো থেকে আর্জেন্টিনা পর্যন্ত প্রায় সব দেশেই সহজলভ্য। একেকটি লতা ৫০ ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে। গাঢ়-সবুজ রঙের পাতাগুলো পিঠাপিঠি ও যৌগিক। কাঁচা সবুজ রঙের কচি পাতাগুলো ধীরে ধীরে বিকশিত হয়। তবে ফুলের অবাধ প্রস্ফুটনে পাতা অনেকটাই অদৃশ্য থাকে। গাছের কাণ্ড লতানো, কাষ্ঠল এবং ঝিল্লিরন্ধ্র দ্বারা পূর্ণ। আঁকশি কিছুটা কণ্টকিত, পাতার কোল থেকে বেরোয়। ফুল কলকে বা ভেরি আকৃতির, হলুদ-সোনালি রং, ৩ ইঞ্চি দীর্ঘ ও ৪ ইঞ্চি চওড়া। অসমান পাপড়িসংখ্যা পাঁচ। ফুল একক অথবা গুচ্ছবদ্ধ। ফল রৈখিক, মসৃণ, ১২ থেকে ১৮ ইঞ্চির মতো লম্বা হতে পারে। বীজ আয়তাকার ও পাখাযুক্ত, বাতাসে অনেক দূর অবধি ছড়িয়ে পড়ে। বড় ও মাঝারি, উভয় ধরনের গাছেই কন্দ অঙ্কুরিত হয় এবং কন্দ থেকে বংশবিস্তার।এদের নিকট প্রজাতির আরেকটি ফুল দেখা যায়, বৈজ্ঞানিক নাম bignonia capreolata, তাতে লালচে কমলা রঙের ফুল ফোটে।