চারুকলার শিক্ষকদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার
শিক্ষকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ছাত্রলীগের এক নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নবেন্দু সাহা মৃৎশিল্প বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র। তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক।গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বৈঠকে এ শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে জানান, উপাচার্যের কাছে নবেন্দু সাহার ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণের’ বিচার চেয়েছেন চারুকলা অনুষদের ২৯ জন শিক্ষক। এ জন্য তাঁকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্টর জানান, ঘটনা তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে অনুষদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে নবেন্দু সাহা উচ্ছৃঙ্খল আচরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা বলেছেন, ডিন এমদাদুল হক মো. মতলুব আলী সভাপতির বক্তৃতা দেওয়ার সময় তাঁকে থামিয়ে দিয়ে নবেন্দু সাহা কিছু বলার অনুমতি চান। ডিন অনুমতি না দিলেও তা উপেক্ষা করে নবেন্দু বার্ষিক প্রদর্শনীতে একজন শিক্ষার্থীর পুরস্কার পাওয়া নিয়ে আপত্তি করেন। শিল্পাচার্য জয়নুল পদকের জন্য মনোনীত তাঁর ছাপচিত্রটি অন্যত্র পুরস্কার পেয়েছে বলে এখানে পুরস্কার দেওয়া ঠিক নয় বলে দাবি করেন তিনি। নবেন্দু এ নিয়ে তর্ক করেন।শিক্ষকেরা অভিযোগ করেন, পরের দিন বুধবার দুপুরে নবেন্দু প্রদর্শনীর কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দেন। এরপর তিনি অনুষদের প্রিন্ট মেকিং বিভাগের কার্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় মোহাম্মদ ইউনুস, আবুল বারক আলভী, মামুন কায়সার, আনিসুজ্জামানসহ আরও কয়েকজন শিক্ষক সেখানে ছিলেন। নবেন্দু সাহা কয়েকজনকে সঙ্গে নিয়ে অনুমতি না নিয়েই কক্ষে প্রবেশ করেন ও সেখানে তালা লাগিয়ে দিতে চান। একপর্যায়ে তিনি শিক্ষকদের বলেন, ‘আপনাদের এখান থেকে বহিষ্কার করা উচিত।’ তখন উপস্থিত অধ্যাপকেরা সেখান থেকে বেরিয়ে যান। গতকাল বৃহস্পতিবার সকালেও প্রদর্শনীর জন্য নির্বাচিত জয়নুল গ্যালারি, প্রিন্ট মেকিং বিভাগের একটি কক্ষ ও পেইন্টিং বিভাগের দুটি কক্ষের দরজায় তালা ঝুলতে দেখা যায়। তবে দুপুরের দিকে প্রদর্শনীর দরজা খোলা ছিল।বুধবারই অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা মিলে বিষয়টি মীমাংসার চেষ্টা করলে নবেন্দু সাহা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।এ বিষয়ে জানতে চাইলে নবেন্দু সাহা প্রথম আলোর কাছে দাবি করেন, মঙ্গলবারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অনুমতি নিয়েই কথা বলেছেন। তিনি বলেন, ‘পুরস্কার নিয়ে আমার আপত্তি ছিল। কিন্তু এখন নেই। আমি সেখানে শুধু নিয়ম জানতে চেয়েছি।’শিক্ষকদের অফিস কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা ও তাঁদের বহিষ্কার করা উচিত—এ মন্তব্যের বিষয়ে জানতে চাইলে নবেন্দু বলেন, ‘কথা বলার জন্য শিক্ষকদের কক্ষের বাইরে বেরিয়ে আসতে বলেছিলাম। আর যাঁরা নির্ধারিত সময়ে ক্লাস ও পরীক্ষা নেন না, তাঁদের বহিষ্কারের কথা বলেছি।’নবেন্দু সাহা আরও বলেন, ‘এর পরও আমার বক্তব্যের কারণে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তার জন্য আমি সব শিক্ষক ও শিক্ষার্থীর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’পুরস্কার নিয়ে প্রশ্ন তোলার বিষয়ে প্রিন্ট মেকিং বিভাগের অধ্যাপক আবুল বারক আলভী প্রথম আলোকে বলেন, ‘প্রতিযোগিতায় যদি তেমন কোনো শর্ত না থাকে তাহলে একটি শিল্পকর্ম বারবার পুরস্কৃত হতে পারে। তাই ওই শিক্ষার্থীর দাবি যৌক্তিক নয়।’প্রদর্শনীর আহ্বায়ক নাজির হোসেন খান বলেন, ‘প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলোর বিচারকার্যে দেশের বিশিষ্ট শিল্পীরা থাকেন। তাই এটির বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা অর্থহীন।’নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। প্রদর্শনী বন্ধ করা হয়েছে। এভাবে চলতে থাকলে এখানে লেখাপড়ার পরিবেশ থাকবে না। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।’