চারুকলার শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন আগের কথা। আশির দশকের প্রথম দিক। বোধ হয় চুরাশি সাল হবে। তখন শিল্পীরা আমাকে ধরেবেঁধে চারুশিল্পী সংসদের সভাপতি বানিয়েছেন। যত দূর মনে আছে সংসদের কর্মপন্থা, করণীয় ইত্যাদি নানা ধরনের ব্যাপার নিয়ে আলাপ-আলোচনার একপর্যায়ে পয়লা বৈশাখ উদ্যাপনের কথা আসে।কথাটি এমনি এমনি এসেছিল, তা নয়। যশোরে আমাদের কয়েকজন উৎসাহী ছাত্রের আয়োজনে তখন বেশ কয় বছর ধরে বৈশাখে বর্ণাঢ্য মিছিল বের করা হচ্ছিল। শহরজুড়ে তা নিয়ে উৎসবমুখর আবহ সৃষ্টি হতো। তো, ওইভাবে ঢাকায় কিছু করা যায় কি না তা নিয়ে কথা হতে হতে একসময় ভাবনাটি আর ভাবনাতেই আটকে থাকেনি। স্থির হয় বৈশাখ উদ্যাপন করা হবে বর্ণাঢ্যতা দিয়ে।যা ভাবা তা-ই কাজ। যশোর নিবাসী আয়োজক শিল্পীদের ডাকা হলো পরামর্শের জন্য। উপস্থিত হলেন ভাস্কর শামীম এবং হিরণ্ময় চন্দ। তাঁরা কী কী করেন, কেমন হয়, কী করে হয়, তা জেনে কোমর বেঁধে নেমে পড়লেন শিল্পীরা।বর্ষিয়ান শিল্পী ইমদাদ হোসেন ছিলেন চারুশিল্পী সংসদের প্রধান উপদেষ্টাদের অন্যতম। প্রগতিবাদী এই শিল্পী চিরকালই ভালো চিন্তার মানুষ। দেশভক্তি, বাঙালি সংস্কৃতি রক্ষায় ব্রতী একজন আলোকিত ব্যক্তিত্ব। তিনি বায়ান্নর ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন আর্ট কলেজের ছাত্র থাকাকালে। এই ভাষাসৈনিক সবার প্রিয়, শ্রদ্ধেয় শিল্পী।তিনি আমাদের উৎসাহিত করে বৈশাখ উদ্যাপনের কাজে নামিয়ে দিয়েছিলেন। এ প্রসঙ্গে একটি কথা উল্লেখ না করলেই নয়। অর্থাৎ শিল্পীদের দেশের জন্য ভালো কিছু করার দিকে টান এবং সেইভাবে নানা কিছুতেই সম্পৃক্ত হওয়ার স্বভাবটি চিরকালীন। দাবি আদায়ের যত রাজনৈতিক বা সামাজিক আন্দোলন ঘটেছে, তার সব কটিতে শিল্পীরা যোগ দিয়েছেন পঞ্চাশ-ষাটের দশকে। ওতপ্রোতভাবে জড়িত থেকেছেন অকুতোভয় শিল্পীরা। বিশেষ করে তৎকালীন আর্ট কলেজের ছাত্ররা। যেকোনো সংকটে জনগণের পাশে দাঁড়িয়েছেন।তো, স্বাধীনতার পরেও যখনই দেশে নানা সংকট দেখা দিয়েছে, শিল্পীরা আগের মতোই প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আশির দশকটিতেও অতএব তার ব্যত্যয় ঘটেনি। পঁচাত্তর-পরবর্তী গণতন্ত্রহীন দমবন্ধী রাজনৈতিক অবস্থায় চূড়ান্ত পর্যায়ে যখন দেশে ক্রমশ স্বার্থান্বেষী, স্বৈরাচারিতা জেঁকে বসছিল, তখন আন্দোলনমুখী জনতার সঙ্গে যুক্ত হয়ে তাঁরা শিল্পকলাকে কাজে লাগিয়ে প্রতিবাদী হয়েছিলেন স্বভাবগত দেশাত্মবোধে।পয়লা বৈশাখ উদ্যাপনকে অতএব রাজনেতিকভাবে অর্থ বহন করে তুলতে কিছু বক্তব্যপ্রধান; কিছু প্রতীকী শিল্পকর্ম নিয়ে একটি মিছিলের ব্যবস্থা, সেটাই তো স্বাভাবিক। অতএব সেইভাবে প্রস্তুতি নেওয়া হলো।যেহেতু চারুশিল্পী সংসদের আমি, শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, আবুল বারক আলভী, কাজী আবদুল বাসেতসহ বেশ কজন সদস্য চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ছিলাম। অতএব অন্যান্য সদস্য যাঁরা একই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র, তাঁদের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে, চারুকলা ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষকদের সঙ্গে নিয়ে, সম্পৃক্ত করে যৌথ আয়োজনের চিন্তা করা হলো। সঙ্গে যুক্ত হলো ডিজাইন সেন্টারের শিল্পীরাও।উদ্যাপনে মিছিলের চিরাচরিত রূপটিকে বদলে দিতে এবং প্রতীকী শিল্পকর্মের সমাহারে বর্ণাঢ্য করে তুলতে দেশের লোকশিল্পের মোটিফগুলোকে ব্যবহারের সিদ্ধান্ত হয়। সেসব নির্মাণে পারদর্শী হিসেবে সাইদুল হক জুইস, শামীম, হিরণ্ময় চন্দ, শিশির ভট্টাচার্য্য, মোখলেস, তরুণ ঘোষ, অশোক কর্মকার, নিসারসহ বেশ কজন শিল্পী দায়িত্ব পালন করেন। এঁদের অনেকে এখনো সম্পৃক্ত থাকেন এবং এ কাজে সহায়তা দেন। তবে এখন চারুকলায় পঠনরত নবীন ছাত্রছাত্রীরাই কাজগুলো নির্মাণে মূল সহায়ক। মহা উৎসাহে দিন দশেক ধরে কাজগুলো নির্মাণে নিদারুণ পরিশ্রম করে সৌন্দর্যমণ্ডিত এবং আকর্ষণীয় করে তুলতে। এখনকার মতোই প্রথম দিকেও খরচের আর্থিক সাশ্রয়ের জন্য শিল্পীদের নিজস্ব চাঁদাই ছিল প্রধান। পরে কয়েক বছর সাপ্তাহিক বিচিত্রা, বিচিত্রা সম্পাদক শিল্পী শাহাদত চৌধুরী, সাংস্কৃতিক জোটের হয়ে সাংবাদিক ফয়েজ আহমেদ, বর্তমান নিউএজ পত্রিকার সম্পাদক শহিদুল্লা খান বাদল, হাবিবুল আলম বীর উত্তম, আলাউদ্দিন সুইটমিট, সিএসএল প্রতিষ্ঠানের সালাউদ্দিন এবং ফতেহ আলী চৌধুরী, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। তাঁর সহযোগী বেবী ও অন্যান্য বন্ধু এবং খ্যাতিমান নট আসাদুজ্জামান নূর আর্থিক সহায়তা দিয়েছেন বেশ কয়েক বছর।এই ছিল বৈশাখ উদ্যাপনের প্রথম কয়েক বছরের অবস্থা। তারপর থেকে চারুকলার ছাত্রছাত্রী এবং শিক্ষকদের নিজ প্রচেষ্টায় অনুষ্ঠিত হয় পুরো আয়োজন। ছাত্ররা নিজেদের আঁকা ছবি, সরা, মুখোশ ইত্যাদি নানা শিল্পকর্ম বিক্রি করে খরচের দিকটির সাশ্রয় করে। সঙ্গে থাকে বড় অঙ্ক পাওয়ার জন্য শিক্ষকদের চিত্রকলা বিক্রির ব্যাপারটিও। আংশিক সহায়তা আসে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। আর মিছিলের যাবতীয় আকর্ষণীয় জিনিসগুলো নির্মাণেও ছাত্রছাত্রীরাই মূল কর্মী। তবে শিক্ষক হিসেবে শিশির ভট্টাচার্য্য সামগ্রিক নির্দেশনার দায়িত্ব পালন করে থাকেন। উপদেষ্টা থাকেন অধ্যাপক নিসার হোসেন। মজা হলো, পয়লা বৈশাখে মিছিলটি আর শুধু চারুকলার ছাত্রদের থাকে না, হয়ে যায় জনতার।এখন এই পয়লা বৈশাখ উদ্যাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মকাণ্ডের পাশাপাশি যেসব উৎসবের আয়োজন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বিশাল এটি। এতে ছাত্রছাত্রীরা যা কিছু নির্মাণ করে, তা তাদের একাডেমিক শিক্ষার সঙ্গে সৃজনশীলতা এবং দক্ষতা অর্জনের অনুশীলন ঘটে বলে বিশেষ করে শুরুর দিকের সবার অত্যন্ত প্রয়োজনীয় দিক বলে বিবেচিত হয়। অর্থাৎ এই উদ্যাপন উপলক্ষে যেসব শিল্পকর্ম তৈরি হয়, সবই শিক্ষণীয়ও বটে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই পয়লা বৈশাখ উদ্যাপন কালে কালে মহা উৎসবে রূপান্তরিত হয়েছে। তবে এটুকু বললেই সবটা পূরণ হয় না। কারণ, কলেবরে এখন পুরো ব্যাপারটি মহাকাণ্ডের রূপ নিয়েছে। যেমন বিশাল আর বর্ণাঢ্য হয়েছে, তেমনি সৃজনশীলও। একটি রাজসিক উৎসবের অবয়ব পেয়ে এখন যেমন চমকপ্রদ, তেমনি উদ্দীপক। ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উৎসাহ-উদ্দীপনা প্রসূত বাংলা নববর্ষকে আবাহন জানানোর এ চেহারাটি অপরিসীম আনন্দের।হাজার হাজার আনন্দিত মানুষ মঙ্গল শোভাযাত্রায় শামিল হয়ে অনুপ্রাণিত করে চারুকলার ছাত্র-শিক্ষকদের। অভিনন্দিত করে সংশ্লিষ্ট সবাইকে। শিল্পকর্মগুলো দেখে এবং হাতে নিয়ে উদ্বেলিত হয়, ঢাকের শব্দে আন্দোলিত হয়। সানন্দে-সাগ্রহে যোগ দেয় মিছিলে। খাঁটি বাঙালি স্বভাবকে ধারণ করে কী সাজে, কী পোশাকে নিজেদের বছরের অন্য দিনগুলোর চেয়ে আলাদা করে উপস্থিত করে চারুকলা-অনুষদ চত্বরে দূর-দূরান্ত থেকে এসে। আসে সবান্ধব-সপরিবারে। একান্ত অন্তঃপুরচারীরাও ঘরবন্দী থাকে না। নতুন বছরের শুভ কামনায় সমাবেশে সম্পৃক্ত হয়।এসবই হলো স্বতঃস্ফূর্ত আনন্দের দিক। কিন্তু এর একটি উল্টো পিঠও আছে। আর তা হলো পুরো ব্যাপারকে নিরুৎসাহিত করার। নিজ সংস্কৃতিবিরোধী, নিজ কৃষ্টি সম্পর্কে বৈরী মনোভাবাপন্নদের লাগাতার বিপক্ষে থাকা। পুরো শৈল্পিক কর্মকাণ্ডটিকে ভণ্ডুল করার নানা প্রচেষ্টা থাকত প্রথমদিকে। শিল্পীদের এই আয়োজনের পেছনে ‘আইডিওলজি’টা কী তা খুঁজে বেড়াতেন। মৌলবাদী পত্রপত্রিকা তো বটেই, অত্যন্ত প্রগতিশীল চিন্তাভাবনার নামী পত্রিকাও ভিন্ন চোখে দেখেছে, ভিন্ন সব ক্ষতিকর মাত্রা আবিষ্কার করেছে একসময়। এসবের বাধা অতিক্রম করে এত দূর আসা।তবে এখনো, এত দিন পরেও কিছু প্রশ্নের ব্যাপার একেবারে মুছে যায়নি। যেমন—ভয়ংকর চেহারার জীবজন্তু, ভয়াবহ সব মুখোশ ইত্যাদি মিছিলে বিশাল এবং প্রধান করে রাখা হয় কেন? মূর্তি নির্মিত হয় কেন? —এ ধরনের হাজার প্রশ্ন শুনতে হয়। হুমকিধমকিও শুনতে হয়। সমাজের ক্ষতিকর ভয়ংকর মানুষগুলো নিজেরাই নিজেদের চেহারা বোধ হয় খুঁজে পান এসব মুখোশে। তা না হলে বৈরিতা কেন? আসলে সব ভালোকে পচিয়ে ফেলার, আনন্দিত বাঙালি সত্তাকে দমিয়ে রাখার জন্য একটা শ্রেণী সব সময়ই সচেষ্ট রয়েছে। কিন্তু সুবাতাসের জন্য যে কপাটগুলো খোলা হয়েছে, তা তো বাঙালিত্বকে মনে করিয়ে দেওয়ার জন্য, নিজেদের ভোলার জন্য নয়। মনে রাখতে হবে, আশির দশকের যে শিশুরা বাবার ঘাড়ে বসে, মায়ের হাত ধরে সেই শুরুর মিছিলে ছিল, আজ তারা পঁচিশ-ছাব্বিশ বছরের যুবা। এত বছরে এই মিছিলের মর্ম তাদের জানা আছে। অতএব তাদেরই সম্পৃক্ততা বেশি। আজকের শিশুকে বাঙালি থাকার চেতনা ধরিয়ে দেওয়ার দায়িত্ব তাদেরই। তারা পরম্পরার সেই ভারটি বহন করছে। আমরা প্রত্যক্ষ করছি যে তারুণ্যই এই মিছিলের সবচেয়ে বড় শোভা, মূল বর্ণাঢ্যতা।