চারুবালা দাসের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছোট ছেলে বকুলের কাল জোন (কাজ) বয়নি। রাতে তাই সংসারের সকলে চাল-জল খায়ছি। সকালে পুতনি সোমাটা না খেয়ে ইস্কুলে গেছে। দুপুর একটার দিকে ইস্কুল থেকে ফিরে খিদের জ্বালায় ছটফট করছিল। উপায় না দেখে ওর মা (বৌমা) পাশের এক বাড়ি থেকি কজ্জ করে ৫০০ গ্রাম চালের খুদ আনেছে। তাই সকলে মিলে দুপুরে এক-দেড় হাতা করে খাতি হবে। এ বয়সেও কুপালে জুটিনি বিধবা ভাতা বা থোক ভাতার একটি কার্ড। শেষ বয়সে এত কুষ্ট সহ্য কুরা যাতিছে না।’গত ১৫ মার্চ দুপুরে বকুল দাসের উঠানে দাঁড়িয়ে এভাবেই আর্তি জানালেন ৯০ বছরের বৃদ্ধা সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্ম শাখরা গ্রামের দাসপাড়ার মৃত শ্রীপদ দাসের স্ত্রী চারুবালা দাস।দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং শ্রবণশক্তি হারাতে বসা চারুবালা দাস জানান, দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে ছোট ছেলের সংসারেই থাকেন তিনি। দুই মেয়ের মধ্যে কিরণকে ভারতের ঘোজাডাঙা খালপারে ও ছোট মেয়ে কোমরপুরের খালপারের জমিতে বসবাস করেন। স্বামী শ্রীপদ দাস ১৬ বছর আগে মারা গেছেন। বর্তমানে ছোট ছেলের সংসারে তাঁকে নিয়ে সাতজন খাওয়ার লোক। দুই কাঠা পৈতৃক ভিটার মধ্যে মেজ মেয়েকে বিয়ে দিতে এক কাঠা জমি খোয়াতে হয়েছে। বাকি এক কাঠার মধ্যে তাঁদের বসবাস। বকুলের মজুরি সব দিন হয় না। মজুরি হলে কোনো রকমে আধপেটা খেয়ে বাঁচা যায়।চারুবালা দাস জানান, অভাব-অনটনে থাকলেও ভিক্ষাবৃত্তি গ্রহণ করার মতো মানসিকতা তৈরি হয়নি কখনো। টাকা দিতে না পারায় মেম্বার ও চেয়ারম্যান তাঁর পরিবারের জন্য কোনো ধরনের কার্ড বরাদ্দ করেননি। অথচ বিত্তশালী অনেকই কার্ড পেয়েছেন। জন্ম সনদপত্রের জন্য ৫০ টাকা জোগাড় না করতে পারার কথা বলায় মেম্বর বলেছেন, ওটা তাঁর আর দরকার নেই। ছেলে বকুল ও বৌমা কিনু দাসীর জন্য রাস্তার কাজ দেওয়ার কথা বললেও তাঁরা আমলে নেননি। এ ব্যাপারে ভোমরা ইউপি সদস্য এবাদুল ইসলাম বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকায় অন্য ওয়ার্ডের ইউপি সদস্যরা যেভাবে সহায়তা পান, আমি তা পাই না। ফলে ওয়ার্ডের গরিব মানুষকে সহায়তা দিতে ব্যর্থ হচ্ছি। তবে ভবিষ্যতে সুযোগ পেলেই অগ্রাধিকারের ভিত্তিতে চারুবালা বা তাঁর পরিবারের সদস্যদের দেওয়া হবে।’