চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টে সেরা অটোরিক্সাচালকের মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়কুমার পেরুমল তাঁর দুই সন্তানসহ পরিবারের চার সদস্য নিয়ে থাকতেন মাত্র ৩০০ স্কয়ার ফুটের একটি বাসায়। আয়ের অবলম্বন একটি অটোরিক্সা। এই তিন চাকার যান চালিয়েই ছেলে-মেয়েকে বানিয়েছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। অটোরিক্সাচালকের মেয়ে প্রেমা ও ছেলে ধনরাজ প্রথমবার অংশ নিয়েই চার্টার্ড অ্যাকাউন্টটেন্সি পাস করেছেন। এর মধ্যে ২৪ বছর বয়সী মেয়ে প্রেমা হয়েছেন সারা ভারতের মধ্যে প্রথম। প্রেমা বলছেন, ‘এ সাফল্যে মা-বাবাকে স্বাচ্ছন্দ্য রাখার পথ উন্মোচিত হল।’ এনডিটিভি জানায়, গতকাল সোমবার পরীক্ষার ফল প্রকাশের পর প্রেমা বলেন, ‘যেদিন থেকে আমি কর্মক্ষেত্রে প্রবেশ করব, সেদিন থেকে বাবা যেন বাসায় আরাম করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে চাই। তিনি আমার সাফল্যের জন্য সব সময় কঠোর পরিশ্রম করেছেন।’ প্রেমা তাঁর স্কুলজীবনের সময় থেকেই লেখাপড়ায় সাফল্য পেয়েছেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সির এ পরীক্ষায় ৮০০ নম্বরের মধ্যে ৬০৭ পাওয়া প্রেমার একটি অনন্য অর্জন। এছাড়াও বিকম পরীক্ষায় পেয়েছিলেন ৯০ শতাংশ নম্বর।প্রেমা বলেন, ‘আমার বাবার নির্দিষ্ট কোনো আয় ছিল না। তিনি প্রতিমাসে ১৫ হাজার রুপির মত আয় করতেন। আমরা দুই ভাইবোন আমাদের আর্টিকেলশিপের সময় পাঁচ হাজার রুপির মত আয় করতাম। আমার মা-বাবা কেউই স্কুলের গণ্ডি পার হননি। তাই আমরা উচ্চশিক্ষা নেওয়ায় তাঁরা দুজনই খুব গর্বিত।’প্রেমা শুধু নিজে পাস করেননি, তাঁর চেয়ে দুই বছরের ছোট ভাই ধনরাজকেও একবারে চার্টার্ড অ্যাকাউন্ট পরীক্ষায় পাস করতে সাহায্য করেছেন। এ বিষয়ে প্রেমার বক্তব্য, ‘আমরা গত বছরের নভেম্বরে দুইজন একসাথেই পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলাম। আমার ভাই ২০১০ সালে বিকম পরীক্ষা শেষ করে। তবে সে উচ্চমাধ্যমিক দেওয়ার পরপরই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় অংশ নেওয়ার জন্য পড়া শুরু করে। এছাড়া এ পরীক্ষার রেজিস্ট্রেশন ফি জোগাড় করার জন্য একটি কল সেন্টারে কাজ করত ধনরাজ।’