চার্লি চ্যাপলিনকে নিয়ে রহস্য!
অভিনেতা চার্লি চ্যাপলিন কি কম্যুনিস্টপন্থী ছিলেন? কিংবা কম্যুনিস্টদের প্রতি কি তাঁর বিশেষ কোনো সহানুভূতি ছিল? জনপ্রিয় এই অভিনেতাকে নিয়ে যুক্তরাষ্ট্র এমন সন্দেহ পোষণ করে আসছে অনেক দিন থেকেই। সম্প্রতি নতুন এক অনুসন্ধানে এই তথ্য পাওয়া গেছে। জানা গেছে, সেই সন্দেহ থেকে ১৯৫২ সালে যুক্তরাজ্যের এমআইফাইভ নামে একটি নিরাপত্তাবিষয়ক সংস্থাকে বিষয়টি তদন্তের অনুরোধ জানায় এফবিআই। তদন্তে সংস্থাটি চার্লি চ্যাপলিনের জন্ম ও আসল পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চালায়। যুক্তরাজ্যের জাতীয় আর্কাইভ থেকে প্রকাশিত নথিতে জানানো হয়, চার্লি চ্যাপলিনের আসল নাম হলো ইসরায়েল থর্নস্টেইন। চ্যাপলিন তাঁর ছদ্মনাম। বলা হয়, চার্লি চ্যাপলিন বেশ কিছু বিতর্কিত রাজনৈতিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে রয়েছে ‘দ্য গ্রেট ডিক্টেটর’। এখানে চ্যাপলিন জার্মানির নািস নেতা এডলফ হিটলারের একটি ব্যঙ্গাত্মক চরিত্রে অভিনয় করেন। আর এসবের সূত্র ধরেই তাঁকে কম্যুনিস্টপন্থী হিসেবে চিহ্নিত করার প্রয়াস পায় যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত যুক্তরাজ্যের গোয়েন্দারা চ্যাপলিনের ছদ্মনাম নিয়ে কোনো প্রমাণ খুঁজে পাননি। আল-জাজিরায় প্রকাশিত এক খবরে জানা যায়, এমআইফাইভের এক কর্মকর্তা দাবি করেছেন, এমন হতে পারে যে চ্যাপলিনের জন্ম রাশিয়ায়। তিনি একবার রাশিয়ায় ফিরে যাওয়ার কথাও বলেছিলেন। আবার এমনোও হতে পারে যে চ্যাপলিন ইহুদি বংশোদ্ভূত। তবে এটা ঠিক যে যুক্তরাষ্ট্রকে ভালো চোখে দেখতেন না চ্যাপলিন। ১৯৫২ সালে যুক্তরাষ্ট্রে ফেরার ব্যাপারে তিনি অনিচ্ছা দেখিয়ে সুইজারল্যান্ডে বসবাস শুরু করেন। আর ১৯৭৭ সালে সেখানেই মারা যান মহান এই অভিনেতা।