চাল এখনো ঊর্ধ্বমুখী, বেড়েছে চিনি-আটার দর
রাজধানীর বাজারগুলোতে চালের দাম এখনো ঊর্ধ্বমুখী। নতুন করে বেড়েছে চিনি, আটা ও পাম তেলের দাম। তবে আলু, পেঁয়াজ ও মসুর ডালের দাম কিছুটা কমতির দিকে। শীতকালীন শাকসবজি ও মাছ-মাংসের দামে গত কয়েক দিনে তেমন কোনো পরিবর্তন হয়নি।রাজধানীর কয়েকটি বাজারের বিভিন্ন চালের দোকান ঘুরে দেখা গেছে, স্বর্ণা বা চায়না ইরি নামে পরিচিত মোটা চাল প্রতি কেজি প্রকারভেদে ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের নাজিরশাইল বা মিনিকেটের দাম চাওয়া হচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকা। একটু ভালো মানের নাজির-মিনিকেট কিনতে হলে ক্রেতাকে প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে ৪০ থেকে ৪৪ টাকা।আর এই দামে চাল কিনতে গিয়ে হতাশ হতে হচ্ছে স্বল্প আয়ের মানুষকে। গতকাল বিকেলে কারওয়ান বাজারে চাল কিনতে গিয়েছিলেন দিনমজুর আজিবর মোল্লা। মোটা চালের দাম শুনে বলেই ফেললেন, ‘চাল আর খাওয়া লাগবি না। কম দামে চাল খাওয়া যাবি বুলি এ সরকারেক ভোট দিছুনু, এখন দেকি কুনু লাভ নাই।’চালের দাম সম্পর্কে চাটখিল রাইস এজেন্সির স্বত্বাধিকারী বেলাল হোসেনের দাবি, খুচরা বাজারে চালের দাম গত দু-তিন দিনে নতুন করে তেমন একটা বাড়েনি। আগের যে বাড়তি দাম ছিল, এখনো সেই দামেই বিক্রি হচ্ছে।বেলাল হোসেন মনে করেন, মিল পর্যায়ে ধান ও চালের সংরক্ষণব্যবস্থা আগের চেয়ে উন্নত হওয়ায় চাল মুজদ করা সহজ। আর এ কারণে নতুন অবস্থায় চালের দাম খুব একটা কমেনি।উদাহরণ হিসেবে বেলাল হোসেন বলেন, সাধারণত এ সময় মিনিকেট চালের দাম খুব একটা বাড়ে না। কিন্তু নতুন চালের দাম বাড়ায় এর দরও বেড়ে গেছে। চিনিগুঁড়া চালের দাম বাড়তির দিকেই বলে জানান তিনি।চিনির দামও গত দু-তিন দিনে বাজার ও দোকানভেদে দুই থেকে তিন টাকা বেড়েছে। সপ্তাহখানেক আগেও প্রতি কেজি ৫৩ টাকা করে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৫৬ টাকায়। আটার দামও কেজিপ্রতি এক থেকে দুই টাকা বেড়েছে। পাম তেলের দাম বেড়েছে লিটারপ্রতি দুই টাকার মতো। তবে দাম বাড়ার কারণ সম্পর্কে সাধারণ দোকানিদের কাছে তেমন কোনো যুক্তি নেই। তাঁদের বক্তব্য হলো, ‘পাইকারি বাজারেই দাম বেশি।’তবে এর মধ্যেও সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর হলো, আলু, পেঁয়াজ ও মসুর ডালের দাম কিছুটা কমতির দিকে। গত কয়েক দিনে পেঁয়াজের দাম কেজিতে দুই টাকার মতো কমেছে। গত সপ্তাহে যে পেঁয়াজ ৩২ টাকায় বিক্রি হয়েছে, গতকাল তা ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মসুর ডাল প্রকারভেদে প্রতি কোজি ৮২ থেকে ১২৮ টাকায় বিক্রি হচ্ছে।আর আলু বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকার মধ্যে। তবে লাল আলুর দাম চাওয়া হচ্ছে ১৮ থেকে ২০ টাকা।বিভিন্ন বাজার ঘুরে আরও দেখা গেছে, শীতকালীন শাকসবজি সাপ্তাহিক ছুটির দিনগুলোর তুলনায় কম দামেই বিক্রি হচ্ছে। এর কারণ সম্পর্কে সবজি বিক্রেতারা জানান, সরবরাহের তুলনায় বাজারে ক্রেতা কম। এ কারণে কম দামেই বিক্রি করতে হচ্ছে।