চাল ও গমের দাম কমেছে সামান্য
আন্তর্জাতিক বাজারে গমের দাম কমতে শুরু করেছে। দেশেও আটার দাম কিছুটা কমেছে। চালের দামেও একই পরিস্থিতি।পাইকারি বাজারে মোটা চালের দাম কমছে। খুচরা বাজারেও দাম পড়তির দিকে। অবশ্য দাম কমলেও চাল এখনো সাধারণ ক্রেতাদের হাতের নাগালে এসে পৌঁছায়নি। বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থা (এফএও) ৩ মার্চ বিশ্বের খাদ্যপণ্যের দামের ওপর একটি পর্যবেক্ষণ প্রতিবেদন (ফুড আউটলুক) প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বেশ কয়েকটি অঞ্চলে চাল, চিনি ও গমের দাম কমতির দিকে এবং স্থিতিশীল অবস্থায় আছে। তবে সামগ্রিকভাবে বেশির ভাগ খাদ্যপণ্যের দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। গত জানুয়ারি মাসের তুলনায় খাদ্যের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়েছে।এফএওর খাদ্য পূর্বাভাস প্রতিবেদন অনুযায়ী, খাদ্যপণ্যের মধ্যে গমের বাজার কিছুটা পড়তির দিকে। চীনে ভালো আবহাওয়ার কারণে গমের উৎপাদন ভালো হবে। এতে বিশ্ববাজারে গমের দাম কমে আসতে পারে। চালের বাজার সম্পর্কে মূল্যায়ন করে এফএওর প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসে বিশ্বে রপ্তানি হওয়া বেশির ভাগ চাল সরবরাহ করা হয়েছে থাইল্যান্ড থেকে। প্রতি টন চাল তারা ৫৫৪ ডলারে বিক্রি করছে। ২০১০-এর জানুয়ারি মাসের তুলনায় চালের দাম ৪ শতাংশ কম রয়েছে। অন্যদিকে গত সপ্তাহে ভারত চিনি রপ্তানির ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে চিনির দাম কমতে শুরু করেছে। গত এক সপ্তাহে প্রতি টন চিনির দাম ৫৪ সেন্ট বা প্রায় ৪০ টাকা কমেছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত এক সপ্তাহে বাজারে মোটা চালের দাম এক টাকা কমে ৩৪ থেকে ৩৭ টাকায় বিক্রি হচ্ছে। চিকন চালের দাম ৪২ থেকে ৫২ এবং মাঝারি মানের চালের দাম ৩৮ থেকে ৪২ টাকা। আবার গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আটার দাম এক টাকা কমে ৩২ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। আর গত এক মাসে প্রতি কেজি আটার দাম কমেছে প্রায় ৩ শতাংশ। অর্থনীতিবিদ ও ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, মার্চ থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপের গম বিশ্ববাজারে আসা শুরু করবে। ফলে বিভিন্ন দেশ ও কোম্পানিগুলোর কাছে মজুদ থাকা গম একসঙ্গে ছাড়া শুরু হয়েছে। এতে মার্চ মাস থেকে দাম দ্রুত কমে আসবে। গমের দাম কমলে চালের দামও কমতে শুরু করবে বলে তিনি মনে করেন। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সরকারের গম আমদানি বাড়ানো উচিত বলে তিনি পরামর্শ দেন।গমের দাম কমছে: গত বছরের শেষদিকে বিশ্ববাজারে গমের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের দেশগুলোতে গম চাষের এলাকা বেড়েছে। ওই গম বাজারে আসা শুরু করায় গমের সরবরাহও বেড়েছে। ফলে গত এক সপ্তাহে প্রতি টন গমের দাম ২০ থেকে ৩০ ডলার পর্যন্ত কমেছে।গমের সবচেয়ে বড় বাজার শিকাগো বোর্ড অব ট্রেড (সিবিওটি) ও বিশ্বব্যাংকের খাদ্যের দামবিষয়ক পর্যবেক্ষণ বিভাগের হিসাবে গত এক মাসে আন্তর্জাতিক বাজারে গমের দাম প্রায় ১০ থেকে ১৫ শতাংশ কমেছে। প্রতি টন গম ৩৭০ ডলার থেকে কমে ৩১৬ থেকে ৩৩০ ডলারে নেমে এসেছে। আগামী এক মাসের মধ্যে দাম আরও কমে আসবে বলে পূর্বাভাস দিচ্ছে সংস্থা দুটি।দীর্ঘ দুই বছরের নিষেধাজ্ঞার পর ভারত গম ও চাল রপ্তানি শুরু করতে যাচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন সেদেশের কৃষিমন্ত্রী শারদ পাওয়ার। ট্রেডিং করপোরেশন অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, ভারতে চলতি বছর আট কোটি ১৫ লাখ টন গম উৎপাদিত হয়েছে। চার কোটি ৭৩ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। ভারত সরকারি মজুদ থেকে গম ও চাল দ্রুত রপ্তানি শুরু করলে আন্তর্জাতিক বাজারে দাম আরও কমে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।আমদানি খরচ কমছে: খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত তিন মাসে সরকারিভাবে সাড়ে পাঁচ লাখ টন গম আমদানির জন্য চুক্তি হয়েছে। মূলত বুলগেরিয়া, কাজাখস্তান, ইরান, তুরস্ক থেকে এই গম আমদানি হবে। এই গমের দাম পড়েছে গড়ে ৩৬০ ডলার। গত বৃহস্পতিবার খাদ্য বিভাগ ৫০ হাজার টন গম কেনার যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে তাতে সর্বনিম্ন দর পড়েছে ৩৪৯ ডলার।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে চলতি বছর চার লাখ হেক্টর জমিতে ১২ লাখ টন গম উৎপাদিত হবে। যা গত বছরের তুলনায় দুই লাখ টন বেশি। গম গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নরেশ দেব বর্মা প্রথম আলোকে বলেন, দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগে আরও দুই লাখ হেক্টর জমিতে অতিরিক্ত চার লাখ টন গম উৎপাদন সম্ভব। এর ফলে আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীলতাও কমে যাবে।