পুনর্বাসন-সহায়তা ঠিকমতো পাচ্ছেন না ভোলার জেলেরা
চাল ও টাকা তোলায় আগ্রহের কমতি নেই, অনাগ্রহ বিতরণে
ভোলার তেঁতুলিয়া নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন হোসেন মাঝি। বছরের এই সময়ে নদীতে জাল ফেলা নিষেধ, এটা জানেনও তিনি। মাছ না ধরলে খাওয়া জুটবে না। তাই নিরুপায় হয়ে তাঁকে মাছ ধরতে হচ্ছে।সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও এভাবেই মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে জেলেদের মাছ শিকার চলছে। সরকারি হিসাব অনুযায়ী, জেলার প্রায় অর্ধলাখ পরিবারের আয়ের উত্স মাছ শিকার। মাছ ধরা বন্ধ রাখতে জেলেদের জন্য ভিজিএফ ও পুনর্বাসন প্রকল্প চালিয়ে যাচ্ছে সরকার। সহায়তা প্রকল্পের চাল ও টাকা জেলেরা ঠিকমতো পাচ্ছেন না। অথচ প্রতিবছর তালিকাভুক্ত জেলেদের প্রাপ্য ইউনিয়ন পরিষদ তুলে নিচ্ছে। ফলে একদিকে মাছ ধরা বন্ধ হচ্ছে না, অন্যদিকে সরকারের অর্থেরও অপচয় হচ্ছে।২০০৯ সালে ভোলা জেলার ৩৫ হাজার জেলে পরিবারের প্রতি পরিবারকে চার মাসে (ফেব্রুয়ারি-মে) মোট ৪০ কেজি চাল দেওয়ার কথা। এ ছাড়া অতিদরিদ্র প্রায় এক হাজার জেলেকে এক হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ বছর ৪৪ হাজার ৩৭২ জন জেলেকে চার মাসে ১২০ কেজি চাল ও দরিদ্রতার ধরন অনুযায়ী এক হাজার ৪০০ জেলেকে অর্থ-সহায়তা দেওয়া হবে। জেলেরা অভিযোগ করেন, ২০০৯ সালে মাত্র ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। আর এক হাজার টাকা পাওয়ার কথা থাকলেও ৩০০ থেকে ৫০০ টাকা পেয়েছেন। তা ছাড়া জেলে নন, এমন ব্যক্তির নামও তালিকায় আছে।ভোলার জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলেদের জন্য বরাদ্দ অর্থ ও চাল স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিবছরই উত্তোলন করছেন। তাই চাল ও নগদ অর্থ কম দেওয়া বা না দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ জড়িত।জেলা মত্স্য কর্মকর্তা তোফাজউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা বহুবার জেলেদের কাছে জানতে চেয়েছি তালিকা ঠিক আছে কি না। তাঁরা সহায়তা পাচ্ছেন কি না। কিন্তু জেলেরা কোনো অভিযোগ করেননি। তবে জেলেরা বলেছেন, অভিযোগ দিয়ে তাঁরা এলাকাছাড়া হতে চান না।’ এই প্রতিবেদককে তিনি বলেন, ‘আপনি তো বোঝেনই, দেশের রাজনৈতিক অবস্থা কী?’সহায়তা পাচ্ছেন না জেলেরা, মাছ ধরা চলছে: সদর উপজেলার কাছিয়া ইউনিয়নের কাছির মাথা, ধনিয়ার তুলাতুলি, শিবপুরের মাছঘাট, দৌলতখান উপজেলার মেদুয়া মাঝির হাট, চরপাতা ইউনিয়নের চৌকিঘাট, সৈয়দপুরের গুপ্তমুন্সী, তজুমদ্দিনের শশীগঞ্জ, বোরহানউদ্দীন উপজেলার গঙ্গাপুরের লঞ্চঘাট ও চরফ্যাশন উপজেলার বেহুয়ার খাল এলাকা ঘুরে দেখা গেছে, এখানকার জেলেরা নদীতে মাছ ধরছেন। গত বছর তাঁরা মাত্র একবার ১০ কেজি করে চাল পেয়েছেন। এ বছর এখানো কোনো চাল পাননি।মেদুয়া বাঁধে বসবাসকারী মো. ফারুক বলেন, নদীতে দুই মাস জাল ফেলা নিষেধ জেনেও অবৈধ বাঁধা জাল দিয়ে মাছ ধরতে হচ্ছে। কেননা প্রতি সপ্তাহে তাঁকে ২৩৫ টাকা করে ঋণ শোধ করতে হচ্ছে। তিনি জানান, এখনো পর্যন্ত তিনি বা তাঁর এলাকার কেউ চাল পাননি। শিবপুরের নিজাম মাঝি বলেন, ‘বাই, নদীর মাছ বড় ওউক এইডা আমরাও চাই, তিনডা জিনিসে আমগোরে মাছ ধরতে বাইদ্য করে। এই তিনডা অইলো প্যাট, সমিতির হপ্তা (এনজিওর কিস্তি) আর দালালের (আড়ত) দাদন।’লালমোহন উপজেলার ধলীগৌরনগরের বাত্তির খালের বেড়িবাঁধের জেলে আবুল কাশেমসহ কয়েকজন জেলে জানান, গত বছর আইলার পর তাঁরা ২০ কেজি করে চাল পেয়েছেন। তবে কোনো টাকা পাননি। এই চালে তো চার মাস চলে না। তাই বাধ্য হয়েই মাছ ধরতে হচ্ছে।বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের গ্রামপুলিশ শেখ ফরিদ বলেন, গত বছর একবার ১০ কেজি চাল দেওয়া হয়েছে। এ বছর এখনো দেওয়া হয়নি। চরফ্যাশন হামিদপুরের জেলে মো. ফিরোজ জানান, গত দুই মাসে তাঁরা একবার ২২ কেজি চাল পেয়েছেন। ২০০৯ সালে লালমোহন উপজেলায় পাঁচটি ইউনিয়ন লর্ডহার্ডিঞ্জ, ধলীগৌরনগর, পশ্চিম চর উমেদ, বদরপুর ও ফরাজগঞ্জের ৫১০ জন জেলেকে বিকল্প কর্মসংস্থানের জন্য এক হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে একবার চাল দেওয়া হলেও কোনো টাকা বিতরণ করা হয়নি।জনপ্রতিনিধিদের বিরুদ্ধে যত অভিযোগ: লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল বলেন, এ ইউনিয়নে গত বছর ৫৪ হাজার টাকা বরাদ্দ হয়েছিল। টাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজির আহাম্মদ, ইউপি মেম্বার ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিলে ডান হাতে-বাঁ হাতে স্বাক্ষর দিয়ে বিতরণ দেখিয়েছেন।তবে নজির আহাম্মদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, জেলেদের টাকা জেলেদের বুঝিয়ে দেওয়া হয়েছে। মেম্বারদের স্বাক্ষর আছে। চালও ঠিকমতো দেওয়া হয়েছে।পশ্চিম চর উমেদ ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, জেলেদের তালিকার পরিবর্তে ক্ষমতাসীন দলের কর্মীদের নাম তালিকায় আনা হয়েছে। তাই টাকা ও চাল বিতরণ হয়নি। ধলীগৌরনগর ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক হাওলাদার ও বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমানও একই কথা বললেন। কাচিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর বেলায়েত হোসেনের বিরুদ্ধেও জেলেদের বাদ দিয়ে নেতাদের নাম তালিকায় অন্তর্ভুক্তকরণ, গত বছর মাত্র একবার চাল বিতরণ, টাকা বিতরণ না করার অভিযোগ উঠেছে। তবে তিনি বলেন, খুব শিগগির চাল ও পুনর্বাসনের টাকা বিতরণ করা হবে। চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চেয়ারম্যান শাহিন মালতীয়া দুই মাসের চাল তুললেও বিতরণ করেছেন এক মাসের। তাও ৩০ কেজির পরিবর্তে দিয়েছেন ২৩-২৪ কেজি। চেয়ারম্যান জানিয়েছেন, বরাদ্দের বাকি চাল শিগগিরই বিতরণ করা হবে। ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের কাজী বলেন, ‘গত বছর কতবার চাল দিয়েছি মনে নেই, এ বছর এখনো দিয়নি।’