চাল ও ডিম ছাড়া প্রায় সব পণ্যের দামই কিছু কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলাবাজারে চাল বিক্রির প্রভাব বাজারে এখনো পড়েনি। মোটা চালের দাম আগের মতোই রয়েছে।পাইজাম, লতা ও মোটা চালের দাম অপরিবর্তিত থাকলেও উন্নতমানের চিকন চাল মিনিকেট বা নাজিরশাইলের দাম বেড়েছে কেজিতে দুই টাকা। তবে এক সপ্তাহের ব্যবধানে হালিতে ডিমের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা।চাল ও ডিম ছাড়া নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই কিছু কমেছে। এর মধ্যে মসুর ডাল কমেছে কেজিতে দুই থেকে চার টাকা পর্যন্ত।রাজধানীর কয়েকটি বাজারের বিভিন্ন চালের দোকান ঘুরে দেখা গেছে, মোটা বা চায়না ইরি চাল প্রতি কেজি প্রকারভেদে ২৬ থেকে ২৮ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের পাইজাম ও লতা বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৬ টাকা কেজিতে। এক সপ্তাহ ধরেই এর দরে কোনো হেরফের হয়নি বলে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন।তবে একটু ভালো মানের নাজিরশাইল বা মিনিকেট কিনতে হলে ক্রেতাকে প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে ৩৬ থেকে ৪২ টাকা। আগের সপ্তাহে এর দর ছিল ৩৪ থেকে ৪২ টাকা।বাজার ঘুরে আরও দেখা গেছে, দেশি মুরগির ডিম এখন খুব একটা পাওয়াই যায় না। বাজারভর্তি ফার্মের মুরগির ডিমে। এক সপ্তাহ আগে ফার্মের মুরগির ডিমের হালি বিক্রি হয়েছে ২৩ থেকে ২৪ টাকা করে। দুই দিন আগে এই দর এক লাফে হালিতে বেড়ে গেছে দুই থেকে তিন টাকা। অর্থাত্ ডিমের গতকালের হালি ছিল ২৫ থেকে ২৬ টাকা। এক মাস আগে এই ডিমের দাম আরও কম ছিল। তখন খুচরা বাজারে ডিম বিক্রি হয়েছে ২২ থেকে ২৪ টাকায়। এর মধ্যেও স্বস্তিদায়ক হলো মসুর ডাল, আলু, পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম কিছুটা কমতির দিকে। গত এক সপ্তাহে আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিতে কমেছে আট টাকা। যে পেঁয়াজ আগের সপ্তাহে বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৪ টাকা কেজি দরে, গতকাল সেই পেঁয়াজের দর ছিল ২২ থেকে ২৬ টাকা। দেশি পেঁয়াজও আগের সপ্তাহের ৩০ থেকে ৩৫ টাকা কেজি থেকে কমে হয়েছে ২৫ থেকে ৩০ টাকা। অর্থাত্ দেশি পেঁয়াজ কেজিতে কমেছে পাঁচ টাকা।মসুর ডাল এক সপ্তাহ আগ পর্যন্ত প্রকারভেদে প্রতি কেজি বিক্রি হয়েছে ৮২ থেকে ১২৮ টাকা দরে। গতকাল তা কমে দাঁড়িয়েছে ৮০ থেকে ১২৪ টাকা। আর খুচরা বাজারে আলু আগের সপ্তাহে ১৪ থেকে ১৭ টাকার মধ্যে বেচাকেনা হলেও গতকাল কিছুটা কমে দর নেমে এসেছে ১৩ থেকে ১৬ টাকার মধ্যে। আর চিনির কেজি ৫৪ থেকে ৫৬ টাকার মধ্যেই ঘোরাফেরা করছে গত এক সপ্তাহ।বিভিন্ন বাজার ঘুরে আরও দেখা গেছে, শীতকালীন শাকসবজির দরও আগে যা বেড়েছিল, তা-ই রয়েছে। অর্থাত্ নতুন করে শাকসবজির দর আর বাড়েনি। সবজি বিক্রেতারা জানান, সরবরাহের তুলনায় বাজারে ক্রেতা কম। এ কারণে কম দামেই বিক্রি করতে হচ্ছে।তবে ডিমের দাম বাড়ার কারণ সম্পর্কে ব্যবসায়ীরা বিশ্ব ইজতেমার কারণে সরবরাহ কম হওয়ার কথা উল্লেখ করেছেন। ইজতেমা শেষ হলেই সরবরাহ বাড়বে, তখন দামও কমে আসবে। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) শীর্ষস্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ডিমের দাম অহেতুক বাড়তে থাকলে এবার ডিম আমদানির অনুমোদন দেওয়া হবে ঢালাওভাবে।সূত্র জানায়, আগের দফায় ২০ কোটি ডিম আমদানির অনুমোদন নিয়ে আমদানিকারকেরা মাত্র দুই কোটি ডিম আমদানি করেছেন।