চাল কেনার ক্ষেত্রে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ডেকে অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হচ্ছে। এখন জরুরি প্রয়োজনে নথি-প্রক্রিয়ার মাধ্যমে এই অনুমোদন নেওয়া যাবে। পর্যাপ্ত চাল বিদেশ থেকে দ্রুত আমদানির স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তমন্ত্রণালয়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে খাদ্যসচিব বরুণ দেব মিত্র প্রথম আলোকে জানান। বৈঠকে দেশের চালের মজুদ ও মূল্য-পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে চালের মজুদ যথেষ্ট নয় বলে অভিমত প্রকাশ করে আমদানির মাধ্যমে খাদ্যশস্যের মজুদ আরও বাড়ানোর তাগিদ দেওয়া হয়। বৈঠকে বলা হয়, ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠক ডেকে অনুমোদন নেওয়া হলে যথেষ্ট সময়ক্ষেপণ হয়। তাই চাল ও গম কেনার ক্ষেত্রে নথি-প্রক্রিয়ায় অনুমোদন নেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। চাল আমদানির ক্ষেত্রে স্পট কোটেশনের মাধ্যমে চুক্তি করার প্রস্তাব করা হয়। খাদ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে প্রস্তাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।তা ছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয়, খাদ্যশস্য কেনার জন্য আইন মন্ত্রণালয়কে দুই দিনের মধ্যে অনুমোদন দিতে হবে। আগে এই অনুমোদন পেতে ১০-১২ দিন লাগত। পাশাপাশি খাদ্যশস্য দ্রুত খালাস করার জন্য বন্দর কর্তৃপক্ষকে বলা হয়েছে। বৈঠকে নতুন গুদাম নির্মাণের কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্ত হয়। সয়াবিন তেল আমদানির পদক্ষেপ সফল না হওয়ায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্যসচিব বরুণ দেব মিত্র, বাণিজ্যসচিব গোলাম রহমান, শিল্পসচিব মাসুদ সিদ্দিকী ও কৃষিসচিব সি কিউ মুস্তাক আহমেদ। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।বৈঠকে জানানো হয়, ৯ ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে মোট আট লাখ ৬০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সরকারিভাবে মজুদ আছে। এর মধ্যে চার লাখ ৮৮ হাজার মেট্রিক টন চাল এবং তিন লাখ ৭২ হাজার মেট্রিক টন গম। গত বছর একই সময়ে দেশে নয় লাখ ৭১ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল।বর্তমানে বন্দরে ভাসমান খাদ্যশস্যের মজুদ দুই লাখ ৪৯ হাজার মেট্রিক টন। গত বছর এ সময়ে কোনো ভাসমান মজুদ ছিল না। ভাসমান মজুদ বিবেচনায় নিলে বর্তমানে মজুদের পরিমাণ ১১ লাখ ২০ হাজার মেট্রিক টন। মজুদের ক্ষেত্রে বর্তমান বছরের পরিস্থিতি আগের বছরের চেয়ে ভালো বলে বৈঠকে মন্তব্য করা হয়। এ ছাড়া ভিয়েতনাম থেকে দুই লাখ টন, থাইল্যান্ড থেকে দুই লাখ টন, ভারত থেকে তিন লাখ টন চাল আমদানির অপেক্ষায় আছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সাড়ে চার লাখ টন চাল এবং চার লাখ ৩৫ হাজার টন গম কেনাও প্রক্রিয়াধীন রয়েছে।বৈঠকে অভ্যন্তরীণ বাজারমূল্য পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি মাসে মোটা চালের কেজি ছিল ৩৩ ও আটা ৩২ টাকা। এ সময়ে আন্তর্জাতিক বাজারে প্রতি টন মোটা চালের দাম ছিল ৫৩০ ডলার এবং প্রতি মেট্রিক টন গমের দাম ৩৩৩ ডলার। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক বাজারে চালের দাম ছিল প্রতি টন ৫৩৬ ডলার এবং গমের দাম ৩০৭ ডলার। বৈঠকে বলা হয়, সাতটি মহানগর ও চারটি শ্রমঘন জেলায় ৪০৫টি ট্রাকের ডিলার এবং জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তিন হাজার ৭১৭ জন দোকান ডিলারের মাধ্যমে দৈনিক প্রায় পাঁচ হাজার ১৩২ মেট্রিক টন চাল ওএমএস কার্যক্রমের আওতায় বিক্রি করা হচ্ছে। এতে প্রতিদিন ১০ লাখ লোক উপকার পাচ্ছে। ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে ১১ লাখ ১৮ হাজার পরিবারকে প্রতিমাসে ন্যায্যমূল্যে ২০ কেজি চাল অথবা গম দেওয়া হচ্ছে। চলতি মাস থেকে তিন লাখ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীকে প্রতি মাসে ন্যায্যমূল্যে ২০ কেজি করে চাল বা গম সরবরাহ করা হবে। প্রতি ইউনিয়নে এক হাজার হতদরিদ্র মানুষকে মাসে ২০ কেজি চাল বা গম কম মূল্যে সরবরাহ করা হবে। এতে প্রতি মাসে ৪৫ লাখ লোক উপকার পাবে। কাজের বিনিময়ে খাদ্য বিতরণের জন্য সম্প্রতি ৭৫ হাজার মেট্রিক টন গম বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া দুই ঈদে ৯০ হাজার টন খাদ্যশস্য ভিজিএফ খাতে বিতরণ করা হয়েছে।বৈঠকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ওএমএস খাতের বরাদ্দ থেকে খাদ্য বিতরণের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া চা-শ্রমিকদের ন্যায্যমূল্যে খাদ্যশস্য বিতরণের আওতায় বর্তমান অর্থবছরের বাজেটে ২৪ হাজার টন চাল ও গম বিতরণের বরাদ্দ রয়েছে। এই খাতে চাল ও গমের বিক্রয়মূল্য প্রতি কেজি ১৪ টাকা ৫০ পয়সা। চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী ও গ্রাম পুলিশদের তিন লাখ কর্মচারীর প্রতিজনে প্রতি মাসে ২০ কেজি করে ছয় হাজার মেট্রিক টন চালের প্রয়োজন হবে। এ খাতে বছরে প্রয়োজন হবে ৭২ হাজার মেট্রিক টন। বৈঠকে জানানো হয়, চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তাবেষ্টনী খাতে ওএমএস, ফেয়ার প্রাইস এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দুই লাখ ৮৫ হাজার ৩১৭ টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আরও দুই লাখ ৬৪ হাজার ৬৮৩ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। কাজের বিনিময়ে খাদ্য (এফএফডব্লিউ) খাতে গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দুই হাজার ৭৩৩ টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আরও তিন লাখ ৯৭ হাজার ২৬৭ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। ভিজিডি খাতে গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এক লাখ ৩৪ হাজার ৭৭০ টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আরও এক লাখ ৩০ হাজার ২৩০ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। টিআর খাতে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত চার লাখ নয় হাজার ৯৯৮ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। জিআর খাতে গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ২৩ হাজার ৩৯৮ টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আরও ৫৬ হাজার ৬০২ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। ভিজিএফ খাতে গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৯০ হাজার ৫৩৫ টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আরও চার লাখ ৫৯ হাজার ৪৬৫ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। পার্বত্য চট্টগ্রামে গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৩৭ হাজার ৩৮৮ টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আরও ৩৭ হাজার ৬১২ টন খাদ্যশস্য বিতরণ করা হবে।