চাল গুদামজাত করা ঠেকাতে বিধিনিষেধ
চালের বাজারে অস্থিরতা এবং দাম বাড়ার জন্য সরকার এখন দুষছে ব্যবসায়ী সিন্ডিকেটকে। বাণিজ্যমন্ত্রীর পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও গতকাল মঙ্গলবার সিন্ডিকেটকেই দায়ী করেছেন। এ রকম এক পরিস্থিতিতে চালের গুদামজাত ঠেকাতে বাংলাদেশ ব্যাংকও ঋণের নীতিমালা কঠোর করেছে।কেন্দ্রীয় ব্যাংক গতকাল চাল ব্যবসায়ী ও চালকল মালিকদের ব্যাংক ঋণের নিয়মনীতিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। দেশে খাদ্য গুদামজাত ঠেকাতে এই বিধিনিষেধ দেওয়া হয়েছে বলে জানা যায়।নতুন বিধিনিষেধে চাল ব্যবসায়ীদের সিসি (ক্যাশ ক্রেডিট বা নগদ ঋণ) বা ওডি (ওভার ড্রাফট বা স্থিতির অতিরিক্ত ঋণ) ঋণের পুরো অর্থ ৪৫ দিনের মধ্যে পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যদিকে চালকল মালিকদের গুদামজাত করার ক্ষমতা শিথিল করতে ঋণ পরিশোধের সীমা ৯০ দিনের পরিবর্তে ৬০ দিনে বেঁধে দেওয়া হয়েছে।সূত্রগুলো বলছে, চালকল মালিকেরা ৯০ দিন পর্যন্ত ঋণ পরিশোধের সময় পাওয়ায় গুদামজাত করে রাখতে বেশি সময় পাচ্ছিল। অন্যদিকে ব্যবসায়ীরা ছয় মাস থেকে এক বছর সময়ের জন্য সিসি বা ওডি নিয়ে কিছু অর্থ পরিশোধ করত, বাকিটা বকেয়া থেকে যেত। ব্যাংকের গুদামে পণ্য থাকায় ব্যাংক এতে আপত্তি করতে পারে না। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন শর্তের কারণে ৪৫ দিনের মধ্যে ব্যবসায়ীকে তাঁর ঋণ পুরোটাই পরিশোধ করতে হবে বলে গুদামজাত করার ক্ষমতা কমে আসবে।বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গতকাল অনুষ্ঠিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটের প্রভাব থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজছেন তিনি। তিনি বলেন, বাজারে চালের দাম অহেতুক বাড়ছে। বাজার ব্যবস্থাপনা চলে গেছে সিন্ডিকেটের (মুষ্টিমেয় লোক) নিয়ন্ত্রণে। চালের সরবরাহের কোনো অভাব নেই। অথচ সব ধরনের চালের দাম বাড়ছে, এমনকি সস্তা দরের চালও। এসবের কোনো যৌক্তিকতা নেই। চালের দাম আরেকটু কম হলে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি।অর্থমন্ত্রী বলেন, ‘যেকোনোভাবেই হোক, স্বীকার করতেই হবে যে চালের বাজার এখন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে।’ অর্থমন্ত্রীর এ বক্তব্যের দিনই চাল গুদামজাত রাখার ওপর বিধিনিষেধ আরোপ করল বাংলাদেশ ব্যাংক।