চাল না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া পৌর এলাকার লক্ষ্মীপাশা মহিলা কলেজ গেটে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন অনেক নারী ও পুরুষ। সবাই খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল কিনতে এসেছেন। কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের ময়ুরি বেগম (৫০) বলেন, ‘ছয় মাইল দূরিত্বে আইছি। বিয়ানেত্বে (ভোর থেকে) দাঁড়ায় রইছি। হ্যান্যে চাল নিতি পারবানি, নাকি ফিরে যাতি হবেনে তাই ভাবছি।’ ময়ুরি বেগমের মতো এভাবে সকাল থেকে ওএমএসের চালের জন্য অপেক্ষা করেও অনেকেই চাল না পাওয়ার অনিশ্চয়তায় ভুগছেন। বেলা ১১টায় ওই দোকানে চাল না পেয়ে ফিরে যাচ্ছেন উপজেলার দীঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামের শোভা বেগম (২৮)। তিনি জানান, ১০০ জনের বেশি লোক চাল নিতে না পেরে ফিরে গেছেন। ওই কেন্দ্রের ওএমএস ডিলার এস এম তৌফিকুল আলম জানান, প্রতিদিন চাল না পেয়ে তার কেন্দ্রের ৭০ থেকে ১০০ জন লোক ফিরে যায়। জয়পুর মোড় কেন্দ্রের ওএমএস ডিলার কুমারেশ দত্ত জানান, যে চাল দেওয়া হচ্ছে বাজারে এর দাম ৩০ থেকে ৩২ টাকা কেজি। তাই ২৪ টাকা দরের চাল নিতে অনেক গরিব মানুষ আসে। কিন্তু ১১টার মধ্যে বরাদ্দ চাল শেষ হয়ে যায়। অনেক লোক চাল না পেয়ে ফিরে যায়। বরাদ্দ বাড়ালে এ পরিস্থিতির মোকাবিলা করা যেত।উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর থেকে শুধু লোহাগড়া পৌর এলাকায় এএমএসের চাল বিক্রি করা হচ্ছে। এজন্য পাঁচজন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার বাদে প্রতিদিন প্রত্যেক ডিলার ১০০০ কেজি চাল বিক্রির জন্য বরাদ্দ পান। প্রতি ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল কিনতে পারেন। সকাল নয়টা থেকে চাল বিক্রি শুরু হয়। লোহাগড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহীদুল ইসলাম জানান, প্রতি ডিলারকে ২০০০ কেজি চাল বরাদ্দ দিলে কেউ হয়তো ফিরে যেত না। ইউনিয়ন পর্যায়ে ডিলারের মাধ্যমে ওএমএসের ব্যবস্থা হলেও পৌর এলাকায় চাপ কমত।