দেশে চাল মজুদ একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। মূলত ধান ও চালের দামের ঊর্ধ্বগতি এবং সহজে ঋণ পাওয়ার কারণে চাল মজুদের প্রবণতা বাড়ছে। উৎপাদন বাড়লেও এত চাল কোথায় গেছে, তা জানতে উঠেপড়ে লেগেছে সরকারি বিভিন্ন সংস্থা। চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষ করে খাদ্য বিভাগ এবার অনুসন্ধানে নেমেছে ‘কোন গুদামে কত চাল আছে’। আগামী সপ্তাহে এই অনুসন্ধান শুরু হচ্ছে। মজুদের প্রমাণ পেলে গুদাম বন্ধ করে দেওয়ার কথা ভাবছে খাদ্য বিভাগ। একাধিক গোয়েন্দা সংস্থাও চালের গোপন মজুদ জানতে মাঠে নেমেছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আমন ধান উৎপাদনের সময়। আমন বিক্রি করে কৃষক ও ব্যবসায়ীরা বোরোর জন্য প্রস্তুতি নেন। এ সময় গ্রামীণ অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থের সরবরাহ বাড়ে। আর গ্রামীণ অর্থনীতিতে প্রবেশ করা অর্থের একটা বড় অংশই ধান উৎপাদন ও চালের ব্যবসায় বিনিয়োগ হয়। আমনের ভরা সময়ে প্রবাসী-আয় ও ব্যাংকঋণ বেড়ে যাওয়ায় গ্রামের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের হাতে নগদ টাকার পরিমাণ বেড়ে গেছে। ফলে তাঁরা খাদ্য মজুদ ব্যবসায় ওই অর্থ বিনিয়োগ করছেন বলে ধারণা করছেন পর্যবেক্ষকেরা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরি এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, মানুষের কাছে টাকা থাকলেও কোনো ব্যবসায় মুনাফা বেশি দেখলে সে ওই খাতে বেশি বিনিয়োগ করবে—এটাই স্বাভাবিক। এটা দোষের কিছু নয়। তবে সরকারি ও বেসরকারি উভয় খাতে দেওয়া ঋণ কোন খাতে যাচ্ছে, কীভাবে ব্যবহূত হচ্ছে, তা পর্যবেক্ষণের জন্য একটি স্থায়ী কাঠামো তৈরি করা দরকার বলে তিনি মত দেন। এত চাল কোথায় গেল: খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সংস্থা খাদ্য পরিধারণ ও মূল্যায়ন ইউনিটের হিসাবে, গত আমন ও আউশ মৌসুম মিলিয়ে কমপক্ষে দেড় কোটি টন চাল উৎপাদিত হয়েছে। আগামী মার্চে গম ও এপ্রিলে বোরো ধান কাটা শুরু হবে। এ বছর ১০ লাখ টন গম ও এক কোটি ৯০ লাখ টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাল-গম মিলিয়ে আমদানি হয়েছে ১০ লাখ টন, আরও আসছে আট লাখ টন। সরকারি-বেসরকারি পর্যায়ের রক্ষণশীল হিসাব কষলেও কোনোভাবেই দেশে খাদ্যসংকট হওয়ার কোনো কারণ নেই। কিন্তু গত দুই মাসে দেশের বিভিন্ন হাটগুলোতে চাল সরবরাহের পরিমাণ কমেছে। কৃষক পর্যায়ে প্রতি মণ ধানের দাম উঠেছে ৮০০ থেকে ৯০০ টাকা। ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ সাজ্জাদ জহিরের মতে, গ্রাম পর্যায়ে ঋণপ্রবাহ বাড়লে ওই টাকা বিনিয়োগের ভালো সুযোগ না থাকলে তা মজুদদারির পেছনে ব্যয় হবে—এটাই স্বাভাবিক। গ্রামে যাওয়া অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির পরামর্শ দিয়েছেন তিনি। মজুদ খুঁজছে খাদ্য বিভাগ: খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ ধরে দেশের ১৬ হাজার চালকলে কী পরিমাণ চাল আছে, সে তথ্য সংগ্রহ করা হয়েছে। চালকলগুলোর ঘোষিত মজুদের সঙ্গে প্রকৃত মজুদের মিল আছে কি না, তা খতিয়ে দেখতে চলতি সপ্তাহে খাদ্য বিভাগ মাঠে নামছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ছয় হাজার বড় ও মাঝারি চালকলের কাছে অতিরিক্ত ধান মজুদ রয়েছে বলে তারা তথ্য পেয়েছে। মূলত যশোরের অভয়নগর, কুষ্টিয়া, দিনাজপুর, ঠাকুরগাঁও ও নওগাঁর বেশির ভাগ বড় চালকলে চার থেকে আট হাজার টন পর্যন্ত ধানের মজুদ পাওয়া গেছে। এই চালকলগুলোর ধান ভাঙার ক্ষমতা এক থেকে তিন হাজার টন। অতিরিক্ত ধান এক মাসের মধ্যে বাজারে ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে খাদ্য বিভাগ। এর ব্যতিক্রম হলে চালকল সিলগালা করে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে এই অভিযান শুরু হবে বলে জানা গেছে। খাদ্য বিভাগের মহাপরিচালক আহমদ হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, চালকলগুলো অতিরিক্ত ধান মজুদ করে রেখেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বেশ কিছু চালকলে অতিরিক্ত ধান মজুদের প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, কেউ বাজারে কারসাজি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।