চাল সংগ্রহে কেজিতে তিন টাকা উৎসাহমূল্য ঘোষণা
সংগ্রহ বাড়াতে প্রতি কেজি চালের সঙ্গে তিন টাকা উৎসাহমূল্য ঘোষণা করেছে সরকার। বেসরকারি মিলমালিকদের সঙ্গে চুক্তি হওয়া দুই লাখ ৩৭ হাজার টন চালের ক্ষেত্রে এই মূল্য প্রযোজ্য হবে।চলতি বোরো মৌসুমে চালের সংগ্রহমূল্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। অতিরিক্ত তিন টাকা উৎসাহমূল্য গুদামে চাল সরবরাহের পর চালকল মালিকদের দেওয়া হবে। ১২ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়ার পর খাদ্য অধিদপ্তরের সঙ্গে বেসরকারি ১২ হাজার চালকলের সঙ্গে পাঁচ লাখ টন চাল কেনার চুক্তি হয়। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চালকলগুলো দুই লাখ ৬৩ হাজার টন চাল সরবরাহ করেছে। বাজারে ধানের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মিলমালিকদের পক্ষ থেকে সরকারের কাছে চালের সংগ্রহমূল্য বাড়ানোর দাবি তোলা হয়। গতকাল খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চালের সংগ্রহমূল্য নিয়ে আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাদ্যসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আপাতত চুক্তি অনুযায়ী পাঁচ লাখ টন চাল গুদামে তোলা হবে। সংগ্রহ লক্ষ্যমাত্রা অনুযায়ী বাকি সাত লাখ টন চাল আপাতত সংগ্রহের কোনো উদ্যোগ নেওয়া হবে না। দাম কমলে তখন সরকার তা সংগ্রহের চেষ্টা করবে। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, রংপুর-দিনাজপুরসহ দেশের বিভিন্ন ধান-চালের বাজারে চালের দর বেড়ে ২৭ টাকা হয়েছে। ধানের দামও বাড়তির দিকে। ফলে চালকলের মালিকেরা সরকারের সঙ্গে চুক্তি করেও চাল দিতে পারছেন না।উৎসাহমূল্য চালের দাম বাড়াবে কি না—জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, এটা দামের ওপরে কোনো প্রভাব ফেলবে না। চালকলের মালিকেরা চুক্তি অনুযায়ী চাল না দেওয়ার পর তাঁদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে উল্টো উৎসাহমূল্য দেওয়া হচ্ছে কেন জানতে চাইলে তিনি বলেন, ‘গণতান্ত্রিক সরকারের আমলে পুলিশ-র্যাব দিয়ে আমরা বাজার নিয়ন্ত্রণ করতে চাই না। আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধান চাই।’সভায় জানানো হয়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোতে চালের বদলে গম দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত কাবিখা, টিআরসহ অন্য কর্মসূচিগুলো চালু না করার ব্যাপারে সভায় সিদ্ধান্ত হয়। সরকারের খাদ্য মজুদ বাড়াতে গম আমদানি করা হচ্ছে বলে জানানো হয়। সরকারি গুদামে খাদ্যের মজুদ বাড়াতে চাল ও গম আমদানিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সাড়ে ১০ লাখ টন খাদ্যশস্য আমদানি করা হচ্ছে। এর মধ্যে সাড়ে সাত লাখ টন গম এবং তিন লাখ টন চাল রয়েছে। চার লাখ ৫৬ হাজার টন গম এবং ৫০ হাজার টন চাল ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। অবশিষ্ট গম ও চাল আগামী মাসের মধ্যে দেশে এসে পৌঁছাবে। ২০০৯-১০ অর্থবছরের বাজেট থেকে এ খাদ্যশস্য আমদানি করা হয়েছে।