চাল সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি গুদাম ও বাজারে চাল সরবরাহ অব্যাহত রেখে দাম স্থিতিশীল রাখতে সহযোগিতা করবেন চালকলের মালিকেরা। বোরো মৌসুমে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির অতিরিক্ত চালও সরবরাহ করা হবে।আজ বৃহস্পতিবার বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল খাদ্যমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেয়। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কে এম লায়েক আলী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল হামিদ বাবু, মো. নজির হোসেন, সদস্য আবদুল বারি, হামিদুল ইসলাম ও মো. আবদুল হাকিম মণ্ডল।মালিকেরা জানান, এরই মধ্যে চালকলের সব মালিককে সরকারের সঙ্গে চুক্তি অনুয়ায়ী চাল সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি গুদামে সরবরাহের পরিমাণও বেড়েছে। বর্তমানে সরবরাহ করা চালের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ ২০ হাজার মেট্রিক টন। তাদের সাম্প্রতিক ধর্মঘটের জন্য প্রতিনিধিরা মন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন।চালকলকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া, নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ, নতুন চালকলে বিদ্যুত্ সংযোগ দেওয়ার বিষয়ে চালকলের মালিকেরা মন্ত্রীর সহযোগিতা চান। এ ছাড়া সরকারি ঘোষণার আগে সরবরাহ করা চালের ওপর প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য মন্ত্রীকে অনুরোধ জানান। একই সঙ্গে তারা বলেন, এসব বিষয়ের সঙ্গে সরকারি গুদামে চাল সরবরাহের কোনো সম্পর্ক নেই। সরকারের লক্ষ্য অনুযায়ী চাল সরবরাহের বিষয়ে অঙ্গীকার করেন।ভুল ঝুঝতে পারা এবং ধর্মঘট প্রত্যাহার করে সহযোগিতা করতে এগিয়ে আসায় চাল মালিকদের জন্য ধন্যবাদ জানান খাদ্যমন্ত্রী। তিনি নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ ও বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কে এম লায়েক আলী প্রথম আলোকে বলেন, সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের খাদ্য বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল আউয়াল হাওলাদার, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান, খাদ্য বিভাগের যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।